মুন্সীগঞ্জে ব্রিজে গর্ত হয়ে যানবাহন চলাচল বন্ধ

মুন্সীগঞ্জে ব্রিজের পাটাতনে গর্ত হয়ে বাসসহ ভারি যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। এতে ঢাকার সাথে দুটি উপজেলার সরাসরি বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছে এ এলাকার জনসাধারণ। জানা যায়, ঢাকা-মাওয়া মহাসড়কের নীমতলী-সিরাজদিখান-বেতকা সড়কে সিরাজদিখানের রশুনিয়া ব্রিজের মাঝখানের পাটাতনের ঢালাই উঠে গিয়ে বড় গর্তের সৃষ্টি হয়। ব্রিজটিতে আগে থেকেই ছোট গর্তের মত ছিল। কিন্তু সাম্প্রতিককালে বৃষ্টির কারণে পাটাতনের ইট-সুরকি উঠে গিয়ে বড় একটি গর্তের সৃষ্টি হয়। এতে ব্রিজের ওপর দিয়ে ভারি যানবাহন চলাচল অসম্ভব হয়ে পড়েছে। শনিবার দুপুর দুইটার পর থেকে এ ব্রিজের উপর দিয়ে যাত্রীবাহী বাসসহ সকল ধরনের ভারি যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে সিরাজদিখান ও টঙ্গীবাড়ি উপজেলার জনগণকে ঢাকাসহ জেলা সদরের সাথে যাতায়াতে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে। ঈদের পূর্বে এ রকম বিড়ম্বনায় পড়ে এ রুটে চলাচলকারী যাত্রীরা মারাত্মক ভোগান্তির শিকার হন।