আইন করে দুর্নীতি বন্ধ করা যাবে না

সাবেক এটর্নি জেনারেল এবং প্রবীণ আইনজীবী ব্যারিস্টার রফিক-উল-হক বলেছেন, আইন করে দুর্নীতি বন্ধ করা যাবে না। দুর্নীতি বন্ধ করতে হলে আগে নিজেকে পরিবর্তন করতে হবে। তিনি আরো বলেন, এ দেশে নীতিবান লোক কম আছে বলেই দুর্নীতি বেড়েছে। দুর্নীতি থেকে বের হয়ে আসতে পারলেই আমাদের উন্নতি হবে। তিনি বুধবার মির্জাপুরে ভার্সিটি সার্কেল এসোসিয়েশনের উদ্যোগে ঈদ পুনর্মিলনী এবং কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন যোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ একাব্বর হোসেন। ভার্সিটি সার্কেল এসোসিয়েশনের সভাপতি প্রফেসর ড. মো. ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ বদর উদ্দিন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মোঃ রমিজ উদ্দিন মিঞা, ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মো. শহীদুল হক, দেওয়ান নজরুল ইসলাম ও আলমগীর হোসেন প্রমুখ। পরে কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, প্রাইজ বন্ডম্যানি এবং ফুলের স্টিকার তুলে দেন অতিথিবৃন্দ।