প্রাইম ব্যাংক ফাউন্ডেশনের সহায়তায় দৃষ্টি ফিরে পেলেন ১৪৫ জন

রামগড় ও উত্তর ফটিকছড়ির প্রত্যন্ত গ্রামে প্রাইম ব্যাংক ও প্রাইম ফাউন্ডেশনের সহায়তায় ১৪৫ অসহায় বৃদ্ধ-বৃদ্ধা ছানি অপারেশনের মাধ্যমে দৃষ্টিশক্তি ফিরে পেলেন। গত জুনে হেঁয়াকো বনানী কলেজে ফ্রি চক্ষু চিকিত্সা ক্যাম্প স্থাপন করে ১৪৫ জন মহিলা ও পুরুষ রোগীকে অপারেশনের জন্য বাছাই করা হয়। পরে এদের পর্যায়ক্রমে ঢাকায় নিয়ে ধানমন্ডিস্থ প্রাইম ব্যাংক আই হসপিটালে চোখের অপারেশনসহ প্রয়োজনীয় চিকিত্সা, ওষুধপত্র ও চশমা দেয়া হয়। রোগীদের চিকিত্সা শেষে নিজ নিজ বাড়িঘরে পৌঁছে দেয়া হয় প্রতিষ্ঠানটির নিজস্ব তত্ত্বাবধানে। গজারিয়া গ্রামের দরিদ্র কৃষক হারিজ মিয়া (৬০) বলেন, ‘৪-৫ বছর ধরে চোখে কিছুই দেখতাম না। অভাবের কারণে চোখের অপারেশন করা কিংবা আবার পৃথিবীর আলো দেখবো কোন দিন কল্পনাও করিনি; কিন্তু প্রাইম ব্যাংকের কল্যাণে চোখের আলো ফিরে পেয়েছি। প্রাইম ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন্স নাদের খান বলেন, প্রাইম ব্যাংক, প্রাইম ব্যাংক ফাউন্ডেশন এবং প্রাইম ব্যাংক আই হসপিটালের পরিচালক, কর্মকর্তা, কর্মচারী সকলেই এ আর্তমানবতার কাজের জন্য নিবেদিত। অসহায় দরিদ্র মানুষের কল্যাণে এ সেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। বাগানবাজার ইউপি চেয়ারম্যান রুস্তম আলী বলেন, দরিদ্র চক্ষু রোগীদের বিনামূল্যে অপারেশন ও চিকিত্সার উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।