ড্রাইভার গ্রেফতারের প্রতিবাদ

মোরেলগঞ্জ-শরণখোলায় দূরপাল্লার পরিবহন বন্ধ

গাড়ির ড্রাইভার ও হেলপার গ্রেফতারের জের ধরে বাগেরহাটের মোরেলগঞ্জ-শরণখোলা উপজেলার সকল যাত্রী পরিবহন বন্ধ করে দিয়েছে বাগেরহাট জেলা বাস মালিক সমিতি। গত বুধবার সকাল ৮টা থেকে অনির্দিষ্টকালের জন্য এ নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। ২৩ জুলাই মোরেলগঞ্জের দোনা এলাকায় দুটি মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেল চালক মিরাজ (২২) ঘটনাস্থলে নিহত হয়। মোটরসাইকেলের যাত্রী হোসেন মাহমুদ খুলনায় চিকিত্সাধীন অবস্থায় মারা যায়। ওই সড়ক দুর্ঘটনার জন্য মোরেলগঞ্জ থেকে ঢাকাগামী দুবাই পরিবহনের গাড়ীর চালককে দায়ী করে গাড়ীটি ভাংচুর করে স্থানীয় জনতা। এতে পরিবহনটির ব্যাপক ক্ষতি হয়। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে। পুলিশ পরিবহনের চালক আলীম হাওলাদার ও সুপারভাইজার লিখনকে গ্রেফতার করেছে। এ ঘটনার প্রতিবাদে এবং গাড়ীর ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে বাগেরহাট বাস মালিক সমিতি নিষেধাজ্ঞা জারি করে। ফলে মোরেলগঞ্জ-শরণখোলা থেকে ঢাকা-চট্টগ্রামগামী ১০টি কোম্পানির নিয়মিত ২০টি এবং ঈদ উপলক্ষে অতিরিক্ত আরো ১৫টি পরিবহন চলাচল বন্ধ হয়ে গেছে। একই সাথে সরাসরি খুলনাগামী বিআরটিসি পরিবহনও বন্ধ রয়েছে। বাস মালিক সমিতির এমন সিদ্ধান্তে মোরেলগঞ্জ শরণখোলার কয়েক হাজার কর্মজীবী মানুষ চরম বিপাকে পড়েছে।