বিভিন্ন স্থানে পৃথক ঘটনায় ২৪ জন নিহত

বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনাসহ পৃথক ঘটনায় গত দুইদিনে ২৪ নিহত হওয়ার খবর পাঠিয়েছেন ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতারা। ঠাকুরগাঁওয়ে দুইজন নিহত ঠাকুরগাঁও সদর উপজেলার বড়খোচাবাড়ির কুমিল্লাহাড়ী এলাকায় গত বুধবার সকালে যাত্রীবাহী বাসের সঙ্গে পিকনিকগামী একটি পিকআপ ভ্যানের সংঘর্ষে দুইজন নিহত ও ২৫ জন আহত হয়েছেন। নিহতরা হলেন, হামিদুল (২২) ও হারুন উর রশিদ (২৩)। আহতদের মধ্যে ২২জনকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে এবং আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দাউদকান্দিতে দুইজন নিহত কুমিল্লা দাউদকান্দি উপজেলার ধীতপুর এলাকায় গতকাল বৃহস্পতিবার যাত্রীবাহী বাসের সংঘর্ষে দুইজন নিহত এবং ২০ জন আহত হন। আহতদেরকে স্থানীয় গৌরীপুর হাসপাতালে চিকিত্সা দেয়া হয়। পাবনায় দুইজন নিহত পাবনার বেড়া ও আতাইকুলায় গত বুধবার পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। নিহতরা হলেন, বেড়া উপজেলার নাকালিয়া গ্রামের গুড় ব্যবসায়ী সঞ্জয় কুমার (৩৫) ও আতাইকুলা থানার লক্ষ্মীপুর গ্রামের মোকছেদ আলী (৬০)। মাদারীপুরে দুই গৃহবধূর আত্মহত্যা মাদারীপুর সদর উপজেলার কুনিয়া গ্রামে গত বুধবার গলায় রশি দিয়ে চম্পা মালো (২২) নামে গৃহবধূ ও শিবচরের বোয়াল কান্দা লপ্তেরচর গ্রামে একইভাবে শিরিন বেগম (২৫) নামে এক গৃহবধূসহ দুইজন আত্মহত্যা করেন। এ ঘটনায় মাদারীপুর মডেল থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। আটোয়ারীতে দুইজন নিহত পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার পানবাড়া গ্রামের উঠতি বয়সের কতিপয় যুবক একটি পিকাপ ভ্যানে মঙ্গলবার দুপুরে দিনাজপুরের স্বপ্নপুরী ভ্রমণে যাওয়ার পথে ভোর ৪টায় একটি নাইট কোচ পিছন থেকে ধাক্কা দিলে পিকাপ ভ্যান খাদে পড়ে ঘটনাস্থলেই দুইজন নিহত ও ৩১ জন আহত হয়। আহতদের ঠাকুগাঁও আধুনিক সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিরামপুরে দুইজন নিহত ঈদের খুশিতে পিকনিক করতে গিয়ে দিনাজপুরের বিরামপুরে গতকাল বৃহস্পতিবার দুপুরে নছিমন উল্টে দুইজন নিহত ও ২০ আহত হয়েছে। নিহতরা হলেন, রাজু (২৮) ও শাকিল (১২)। আহতদের দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল ও বিরামপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফুলবাড়িতে একই পরিবারের দুইজন নিহত দিনাজপুরের ফুলবাড়ির দুর্গাপুর এলাকায় গতকাল বৃহস্পতিবার দুপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় ভটভটি উল্টে ঘটনাস্থলেই শাকিল (১১) ও রাজু মিয়া (২৭) নামে দুইজন নিহত ও সাতজন আহত হয়েছেন। আহতদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভাঙ্গায় চালকের লাশ উদ্ধার ফরিদপুরের ভাঙ্গা উপজেলার বগাইল বাসস্ট্যান্ড এলাকা থেকে গত বুধবার সকালে রফিকুল ইসলাম (২৫) নামে এক মাইক্রোবাস চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। থানার উপ-পরিদর্শক সাঈফুল ইসলাম বলেন, কাওড়াকান্দি থেকে বরিশালগামী মাইক্রোবাস চালাতো সে। খাদের পানিতে লাশটি ভাসতে দেখে স্থানীয় লোকজন থানায় খবর দিলে আমরা লাশটি উদ্ধার করি। ভাণ্ডারিয়ায় বিদ্যুত্স্পৃষ্টে একজনের মৃত্যু পিরোজপুরের ভাণ্ডারিয়ায় গতকাল বৃহস্পতিবার দুপুরে বিদ্যুত্স্পৃষ্টে রুবেল (১৭) নামে এক যুবক মারা গেছেন। রুবেল তার চাচাত ভাইয়ের নানা বাড়ি পশারীবুনিয়া গ্রামে বেড়াতে গিয়ে কেরামবোর্ড খেলার সময় বন্ধুদের সাথে বাজি ধরে ডিস লাইন ধরতে গিয়ে বিদ্যুত্স্পৃষ্টে আহত হয়। ভাণ্ডারিয়া হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সে মারা যায়। রুবেল নদমুলা ইউনিয়ন ৫নং ওয়ার্ডের হামিদ হাওলাদারের ছেলে । চাঁপাইনবাবগঞ্জে শিশুর লাশ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জ শহরের আলীনগর রেলবাগানের একটি বাড়ি থেকে গত বুধবার বিকালে সোনিয়া খাতুন (১০) নামে এক শিশুর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এস আই লুত্ফর আরো জানান, কিছুটা ভারসাম্যহীন সোনিয়াকে বাড়িতে রেখে তার বাবা ও মা দুইজনই তবলিকে যায়। পাকুন্দিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌর এলাকার সৈয়দগাঁও গ্রামে গত বুধবার সন্ধ্যায় পানিতে ডুবে ফারুক (১০) নামে এক শিশু মারা গেছে। ভালুকায় বিদ্যুত্স্পৃষ্টে একজন নিহত ময়মনসিংহের ভালুকা উপজেলা ভাণ্ডাব গ্রামে গত বুধবার দুপুরে পল্লী বিদ্যুতের তারে জড়িয়ে রফিকুল ইসলাম রবি (৩০) নামে এক ব্যক্তি নিহত ও একজন আহত হয়েছেন। নবীগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার হরিধরপুর গ্রামে গত বুধবার বিকালে পুকুরের পানিতে ডুবে মিলি বেগম (২) নামে এক শিশু মারা গেছে। উল্লাপাড়ায় একজন নিহত সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পশ্চিমপাড়া গ্রামে গত বুধবার যাত্রীবাহী নছিমনের ধাক্কায় ইদ্রিস আলী (২৭) নামে একব্যক্তি ঘটনাস্থলেই মারা গেছেন। লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে নিহত এক লালমনিরহাটের তিস্তা রেলওয়ে স্টেশনে গতকাল বুধবার সকালে ট্রেনে কাটা পড়ে সিরাজুল ইসলাম (৩২) নামে একব্যক্তি নিহত হয়েছেন। লালমনিরহাট জিআরপি থানার ওসি আবু শাহীন কাদির জানান, ‘ঘটনাস্থলে জিআরপি পুলিশ পৌঁছানোর আগেই নিহত সিরাজুল ইসলামের পরিবারের লোকজন লাশ নিয়ে গেছে। বিষয়টি জিআরপি পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’ রামগঞ্জে স্কুল ছাত্র নিহত লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার শেখপুরা এলাকায় গত বুধবার রাতে সড়ক দুর্ঘটনায় শিহাব (১২) নামে এক স্কুল ছাত্র নিহত ও শাওন নামে একজন আহত হয়েছে। নিহত শিহাব কাউয়ালী ডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণিতে অধ্যয়নরত ছিল। আহত শাওনকে চিকিত্সার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে। রাঙ্গুনিয়ায় কর্ণফুলি নদীতে ডুবে প্রকৌশলীর মৃত্যু ঈদের ছুটিতে এক আত্মীয়ের বাড়ি চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বেড়াতে গিয়ে কর্ণফুলি নদীতে ডুবে গতকাল বৃহস্পতিবার ঢাকাস্থ মজিলা বাংলাদেশ সংস্থার সফটওয়্যার ইঞ্জিনিয়ার জাহিদ হাসান (২৭) মারা গেছেন। তিনি কিশোরগঞ্জ জেলার ভৈরবের কমলপুর গ্রামের অধিবাসী। নিহত প্রকৌশলীর মামা শ্বশুর রাঙ্গুনিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহা্ম্মদ মিজানুর রহমান বলেন, বেড়াতে আসা ভাগ্নি জামাতার নদীতে ডুবে মৃত্যুর ঘটনায় ঈদের আনন্দ ম্লান হয়ে গেছে।