সড়ক দুর্ঘটনায় সারাদেশে নিহত ২৭, আহত শতাধিক

ঈদের দিন থেকে গতকাল পর্যন্ত সড়ক দুর্ঘটনায় সারাদেশে ২৭ জন নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার কুমিল্লায় পাঁচজন, দিনাজপুরে তিনজন, ঝিনাইদহ ও মুন্সীগঞ্জে এক জন করে নিহত হয়েছে। ঈদের দিন মঙ্গলবার সোনাইমুড়ীতে একই পরিবারের তিন জনসহ সাত জন এবং নারায়ণগঞ্জে প্রাইভেটকার খাদে পড়ে চারজন নিহত হয়েছে। খবর ইত্তেফাকের প্রতিনিধি ও সংবাদদাতাদের। চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা জানান, কুমিল্লার চৌদ্দগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় পুলিশের এক সার্জেন্টসহ ৪ জন নিহত হয়েছে। পুলিশ জানায়, সার্জেন্ট নজরুল ইসলাম বেলাল (৪২), স্ত্রী লাবনী (৩৫) এবং মেয়ে তাবাচ্ছুমকে (৩) নিয়ে প্রাইভেটকারযোগে ফেনীর ছাগলনাইয়া থেকে কর্মস্থল ব্রাহ্মণবাড়িয়ায় ফিরছিলেন। বৃহস্পতিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বসন্তপুর ব্রিজের সাথে প্রাইভেটকারের ধাক্কা লাগলে এ দুর্ঘটনা ঘটে। অপরদিকে বুধবার সন্ধ্যায় মহাসড়কের সৈয়দপুর নামক স্থানে ভটভটি উল্টে পৌরসভার কিংশ্রীপুর গ্রামের আবু তাহের ড্রাইভারের ছেলে ইমন (২২) ঘটনাস্থলে নিহত হয়। স্টাফ রিপোর্টার, দিনাজপুর জানান, দিনাজপুর- গোবিন্দগঞ্জ মহাসড়কের বিরামপুর উপজেলায় বৃহস্পতিবার সকালে বাস ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত ও ১০ জন আহত হয়েছে। বিরামপুর থানার ওসি জানান, সংঘর্ষে ভটভটি আরোহী নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার আসমত কলোনী এলাকার বাবলু মিয়ার পুত্র রাজু মিয়া (২৫), আব্দুস সোবহানের পুত্র শাকিল (১০) এবং রইছ উদ্দীনের পুত্র মিনারুল ইসলাম (২৫) ঘটনাস্থলেই নিহত হয়। আহত হয় অপর ১০ জন যাত্রী। আহতদের বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে আক্কাস আলী (৬০), কামাল (২৫), রাশেদ (২৪), ফুলবানু (২০), শাহীন (২৫), রহিমা (৩০), মুন্নি (২০), মামুন (২০), ইসমত আরা (১৮), রাজিয়া বেগমকে (২২) আশংকাজনক অবস্থায় দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা জানান, যশোর-ঝিনাইদহ মহাসড়কের দুলালমুন্দিয়ায় বৃহস্পতিবার দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক জন নিহত হয়েছে। নিহত ব্যক্তির নাম মাসুম বিল্লাহ (৪০)। এ সময় আহত হয়েছে দেশীয় চিকিত্সক সমিতির জেলা সভাপতি ডা. মো. নাছিরসহ আরো ৪ জন। আহতদের কালীগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দি উপজেলার ধীতপুর এলাকায় বৃহস্পতিবার হাজীগঞ্জ থেকে ঢাকাগামী একটি বাস এবং ঢাকা থেকে কুমিল্লাগামী তিশা পরিবহনের বাসের মুখোমুখি সংঘর্ষে তিশা পরিবহনের চালকসহ ২ জন নিহত এবং ২০ জন আহত হয়। আহতদের স্থানীয় গৌরীপুর হাসপাতালে চিকিত্সা দেয়া হয়। মুন্সীগঞ্জ প্রতিনিধি জানান, বৃহস্পতিবার দুপুরে মুন্সীগঞ্জের সদর উপজেলার কাটাখালি বাজারের কাছে মোটরবাইক দুর্ঘটনায় হিমেল ব্যাপারী (২৫) নামে একজন নিহত ও অপর ৪ জন আহত হয়েছে। এছাড়া সোমবার দুপুরে ঢাকা-মাওয়া মহাসড়কের শ্রীনগর উপজেলার সমষপুরে সড়ক দুর্ঘটনায় পাঞ্জু মাতবর (৪৫) ও দুলাল মিয়া (৩৬) নিহত হয়েছে। চাটখিল ও সোনাইমুড়ী (নোয়াখালী) সংবাদদাতা জানান, নোয়াখালী জেলার সোনাইমুড়ীর জয়াগে মঙ্গলবার ভোর রাতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিন জনসহ সাত জন নিহত হয়েছে। আহত হন অন্তত ১৫ জন। নিহতরা হলেন রামগঞ্জ উপজেলার রামদেবপুর গ্রামের সেলিনা আক্তার (২৮), তার ছেলে আবু সায়েদ (৯), মেয়ে কহিনুর বেগম (৪), পানিওয়ালা গ্রামের নুরুল হক (৪৫), সেনবাগের খোকন (৩২), চাটখিল উপজেলার মোহাম্মদপুর গ্রামের মাহফুজ (১২) এবং কাঁকড়া পাড়া গ্রামের আজহার (৪২)। নারায়ণগঞ্জ প্রতিনিধি জানান, ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রুটের নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকাতে মঙ্গলবার সকালে প্রাইভেটকার খাদে পড়ে ৪ জন নিহত হয়েছে। নিহতরা হলেন সুমন, পিন্টু, সালাম ও আবদুল্লাহ। নিহতরা সবাই সদর মডেল থানা এলাকার নলুয়া ও তামাকপট্টির বাসিন্দা। গৌরনদী (বরিশাল ) সংবাদদাতা জানান, বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী ও আগৈলঝাড়ায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় বাসের হেলপারসহ তিন জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ২৫ যাত্রী। রবিবার রাতে কাওড়াকান্দি থেকে বরিশালগামী একটি বাস ভূরঘাটা এলাকায় একটি মাইক্রোবাসকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। এ ঘটনায় বাসের হেলপার মন্ডল শেখ ও যাত্রী সৈয়দ রনি নিহত হয়। আহত হয় বেশ কয়েকজন। অপর দিকে গৌরনদী-পয়সারহাট সড়কের গৈলা বাইবাস এলাকায় মঙ্গলবার সন্ধ্যায় একটি মোটর সাইকেলে অমীয় বালা মন্ডলকে (৭৫) চাপা দিলে তার মৃত্যু হয়।