কুড়িগ্রামে দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে আহত অর্ধশতাধিক
প্রকাশ : ৩১ জুলাই ২০১৪, ২৩:১৫
জেলা শহরের ধরলা সেতুর পশ্চিম পাড়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ করে গতকাল বৃহস্পতিবার দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে উভয়পক্ষে অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছে। সকাল থেকে দুপুর পর্যন্ত দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে ৩০টি বাড়ি ও ১৫টি দোকানে অগ্নিসংযোগ ও লুটপাট চালিয়েছে হামলাকারীরা। ধরলা সেতুর পশ্চিম পাড়ের সওদাগরপাড়া ও একতাপাড়ার মধ্যে দফায় দফায় সংঘর্ষ চলাকালে ওই এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফুটবল খেলাকে কেন্দর গত বুধবার রাতে শহরের একতাপাড়া ও সওদাগরপাড়ার মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এই সময় কুড়িগ্রাম-ভুরুঙ্গামারী সড়কে প্রায় ৭ ঘণ্টা সবধরনের যান চলাচল বন্ধ থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৫১ রাউন্ড টিয়ার শেল ও ১১ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। সংঘর্ষ ও ভাংচুরের ঘটনার সাথে জড়িত থাকায় ৩০ জনকে আটক করেছে পুলিশ। কুড়িগ্রাম পুলিশ সুপার জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে সদরসহ চার থানার অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অতিরিক্ত পুলিশের পাশাপাশি র্যাব মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।