নোয়াখালীতে আওয়ামী লীগ নেতা হত্যাকাণ্ডে ৫ জন গ্রেফতার
প্রকাশ : ৩১ জুলাই ২০১৪, ২৩:১৫
জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও আন্তঃজেলা বাস মালিক সমিতির সভাপতি ইউসুফ আলী সেলিম হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মহিলাসহ পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ। হত্যাকাণ্ডের চারদিন পর মঙ্গলবার রাতে নিহত সেলিমের স্ত্রী কোহিনূর বেগম বাদী হয়ে ২৭ জনকে এজাহারভুক্ত ও অজ্ঞাতনামা আরো কয়েকজনকে আসামি করে সুধারাম থানায় মামলা দায়ের করেন।
পুলিশ জানায়, সেলিম গত শনিবার তার গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলার তিতার কান্দিতে যান। বাড়ির ফেরার পথে দুর্বৃত্তরা তাকে গলা কেটে হত্যা করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
সুধারাম থানার পুলিশ ওই রাতে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করেন। পরে আটককৃতদের গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করলে আদালত তাদের জামিন না-মঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করে। এদিকে অভিযোগ উঠেছে লক্ষ্মীপুর জেলার পুলিশের খাতায় শীর্ষ সন্ত্রাসী নিহত বিএনপি নেতা সোলায়মান বাহিনীর সন্ত্রাসীরা রাজনৈতিক প্রতিহিংসায় ইউসুফ আলী সেলিমকে হত্যা করেছে।