মাদারীপুরের বিভিন্ন উপস্বাস্থ্য কেন্দ্রে ২৭ চিকিত্সকের পদ শূন্য
প্রকাশ : ৩১ জুলাই ২০১৪, ২৩:১৬
জেলার ৪টি উপজেলার বিভিন্ন উপ-স্বাস্থ্য কেন্দ্রে চিকিত্সকের ২৭টি পদ দীর্ঘদিন যাবত্ শূন্য রয়েছে। তৃণমূল পর্যায়ের চিকিত্সকের এ পদগুলো শূন্য থাকায় সাধারণ মানুষ চিকিত্সাসেবা থেকে বঞ্চিত হচ্ছে।
একমাত্র কালকিনি উপজেলায়ই সহকারী সার্জনের ১০টি পদ এবং মেডিক্যাল অফিসারের ৩টি পদ শূন্য রয়েছে। রাজৈর উপজেলার বাজিতপুর, কবিরাজপুর, খালিয়া ও ইশিবপুর উপ-স্বাস্থ্য কেন্দ্রের মেডিক্যাল অফিসারের ৪টি পদ এবং কদমবাড়ী, বদরপাশা ও পাইকপাড়া ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রের সহকারী সার্জনের ৩টি পদ শূন্য রয়েছে। সদর উপজেলার বাহাদুরপুর ও কুনিয়া উপ-স্বাস্থ্য কেন্দ্রে মেডিক্যাল অফিসারের ২টি পদ বর্তমানে শূন্য।
শিবচর উপজেলার দত্তপাড়া ও নিলখী উপ-স্বাস্থ্য কেন্দ্রের মেডিক্যাল অফিসারের ২টি পদ এবং উমেদপুর, সন্ন্যাসিরচর ও চরজানাজাত ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রে সহকারী সার্জনের ৩টি পদ দীর্ঘদিন যাবত্ শূন্য রয়েছে।
কালকিনি উপজেলার রমজানপুর, কয়ারিয়া, বালিগ্রাম ও কালকিনি, নবগ্রাম, চরদৌলতখা, এনায়েতনগর, লক্ষ্মীপুর, বাঁশগাড়ী, আলিনগর উপ-স্বাস্থ্য কেন্দ্রে ১০টি সহকারী সার্জনের এবং ডাসার, বাঁশগাড়ী ও সাহেবরামপুর উপ-স্বাস্থ্য কেন্দ্রের মেডিক্যাল অফিসারের ৩টি পদ দীর্ঘদিন যাবত্ শূন্য।