ওবামার বিরুদ্ধে মামলা করতে বিল পাস হলো প্রতিনিধি পরিষদে

সাংবিধানিক ক্ষমতার সীমা লংঘনের অভিযোগে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার বিরুদ্ধে মামলা করার প্রস্তাব অনুমোদন করেছে কংগ্রেসের প্রতিনিধি পরিষদ। বিরোধী দল রিপাবলিকান পার্টির নিয়ন্ত্রণে থাকা প্রতিনিধি পরিষদে বুধবার ২২৫-২০১ ভোটে প্রস্তাবটি পাস হয়। এর ফলে প্রেসিডেন্টের বিরুদ্ধে মামলা করার জন্য কংগ্রেসের আইন কর্মকর্তারা এখন কাগজপত্র তৈরি করবেন। খবর বিবিসির। রিপাবলিকানদের অভিযোগ, যুক্তরাষ্ট্রের সংবিধান প্রেসিডেন্টকে যে ক্ষমতা দিয়েছে তা লঙ্ঘন করে ওবামা বিভিন্ন সময়ে কংগ্রেসকে পাশ কাটিয়ে নির্বাহী আদেশে বিভিন্ন সিদ্ধান্ত বাস্তবায়ন করেছেন। বহুল আলোচিত স্বাস্থ্যসেবা আইনের আওতায় ব্যবসা প্রতিষ্ঠানে কর্মীদের স্বাস্থ্যবীমা নিশ্চিত করতে বেঁধে দেয়া সময় পিছিয়ে দেয়ার ক্ষেত্রেও তিনি এটা করেছেন বলে রিপাবলিকানদের অভিযোগ। তবে অভিযোগ উড়িয়ে দিয়ে ওবামা বলেছেন, মামলা করার এই উদ্যোগ সময়ের অপচয় ছাড়া আর কিছুই না। তিনি বলেন, ‘সবাই দেখতে পাচ্ছে- এটা একটা রাজনৈতিক চাল। তারা (রিপাবলিকান) যদি কোনো কাজেই রাজি না থাকে, তাহলে যেটুকু পারব আমাদের নিজেদেরই তা করতে হবে।’ অবৈধ অভিবাসীদের দেশে ফেরত পাঠানোর সংখ্যা কমিয়ে আনা, এক মার্কিন সেনাকে উদ্ধারের জন্য তালেবান জঙ্গিদের ছেড়ে দেয়ার মতো সিদ্ধান্তের ক্ষেত্রেও ওবামা কংগ্রেসকে পাশ কাটিয়েছেন বলে রিপাবলিকানদের অভিযোগ। প্রতিনিধি পরিষদের স্পিকার জন বোয়েনারও রিপাবলিকানদের প্রস্তাবকে সমর্থন দিয়েছেন। প্রতিনিধি পরিষদের ৪৩৫ আসনের মধ্যে রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতার কারণে (২৩৪) ওবামার দল ডেমোক্র্যাটিক পার্টির (১১৯) পক্ষে কংগ্রেসে কোনো প্রস্তাব পাস করিয়ে আনা প্রায় অসম্ভব। এ কারণে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব চালিয়ে যাওয়া ওবামাকে প্রায়ই নির্বাহী আদেশে বিভিন্ন সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হয়।