কুমিল্লায় জামায়াত নিয়ন্ত্রিত দুই প্রতিষ্ঠানে কুয়েত রাষ্ট্রদূতের বৈঠক

বাংলাদেশে নিযুক্ত কুয়েতের রাষ্ট্রদূত আলী আহমেদ ইব্রাহীম আল দোফায়েরী গত বুধবার বিকালে কুমিল্লায় জামায়াত নিয়ন্ত্রিত দুইটি প্রতিষ্ঠান পরিদর্শন করে বৈঠকে মিলিত হন। এতে প্রশাসনে ব্যাপক দৌড়-ঝাঁপ শুরু হয়। এদিকে কুয়েতের রাষ্ট্রদূতের এ আগমন ও জামায়াত নিয়ন্ত্রিত ২টি প্রতিষ্ঠান পরিদর্শনের বিষয়টি কুমিল্লার জেলা ও পুলিশ প্রশাসনসহ গোয়েন্দা সংস্থা আগে থেকে জানতো না বলে জানা গেছে। বিভিন্ন সূত্রে ও প্রাপ্ত তথ্যে জানা যায়, বুধবার বিকাল সোয়া ৪টার দিকে কুমিল্লা নগরীর লাকসাম রোডস্থ জামায়াত নিয়ন্ত্রিত কুমিল্লা মেডিক্যাল সেন্টার প্রা. লি. পরিদর্শন করেন কুয়েতের রাষ্ট্রদূত আলী আহমেদ ইব্রাহীম আল দোফায়েরী। তার আগমনের খবর পেয়ে সাংবাদিকরা ঐ প্রতিষ্ঠানে ভিড় জমাতে থাকলে পরিদর্শন সময় সংক্ষিপ্ত করা হয়। এ সময় তিনি ঐ প্রতিষ্ঠানের পরিদর্শন বই-এ মন্তব্য লিপিবদ্ধ করেন। এ প্রতিষ্ঠানে তিনি ২৫ মিনিটের মতো অবস্থান করেন। পরে ওই প্রতিষ্ঠান থেকে তাকে নিয়ে যাওয়া হয় জামায়াত নিয়ন্ত্রিত অপর প্রতিষ্ঠান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পার্শ্বস্থ জেলার সদর দক্ষিণ উপজেলার সেন্ট্রাল মেডিক্যাল কলেজ এন্ড হসপিটালে। এখানে তিনি এক মতবিনিময় সভায় মিলিত হন। এসময় বক্তব্য রাখেন এ দুই প্রতিষ্ঠানের কর্ণধার এবং জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও সাবেক এমপি ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সেন্ট্রাল মেডিক্যাল কলেজ এন্ড হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ডা. জহিরুল হক ভুঁইয়া, কলেজের অধ্যক্ষ ডা. সফিকুর রহমান পাটোয়ারী, কুমিল্লা মেডিক্যাল সেন্টার প্রা. লি. -এর ব্যবস্থাপনা পরিচালক ডা. জাহাঙ্গীর হোসেন, সেন্ট্রাল মেডিক্যাল কলেজের পরিচালক নূরুদ্দিন আহমেদ, আবদুল মুনতাকিম মজুমদার, চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমীর শাহাবুদ্দিন, জামায়াত নেতা মুজিবুর রহমান, অ্যাডভোকেট শাহজাহান, মাহফুজুর রহমান, ছাত্রশিবিরের সাবেক নেতা আইয়ুব আলী ফরায়েজী, কুমিল্লা উত্তর জেলা ছাত্র শিবিরের সভাপতি লুত্ফুর রহমান মাসুমসহ দুই প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী এবং কুমিল্লা দক্ষিণ জেলা ও কুমিল্লা মহানগর জামায়াত-শিবিরের নেতৃবৃন্দ। পরে তিনি পরিদর্শন বই-এ মন্তব্য লিপিবদ্ধ করে সন্ধ্যা ৬টার দিকে চট্টগ্রামের উদ্দেশে রওনা করেন। এদিকে রাষ্ট্রদূতের এ আগমনের বিষয়টি স্থানীয় প্রশাসনের আগে থেকে জানা না থাকলেও ঐ দুই প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রধান ফটকে আগে থেকেই তোরণ নির্মাণ করে বুধবার তাকে অভ্যর্থনা জানানো হয়। তবে রাষ্ট্রদূতের এ আগমনের বিষয়টি ১০/১২ দিন আগে থেকেই নির্ধারিত ছিল এবং ওই ২টি প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ ও জামায়াত নেতারা জানতেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এ বিষয়ে ওই দুই প্রতিষ্ঠানের কর্ণধার এবং জামায়াতের কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য ও সাবেক এমপি ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সাংবাদিকদের জানান, ‘কুয়েতের রাষ্ট্রদূত বুধবার চট্টগ্রামে যাচ্ছেন এমন খবর জেনে মোবাইল ফোনে আমি তাকে কুমিল্লা মেডিক্যাল সেন্টার প্রা. লি. এবং সেন্ট্রাল মেডিক্যাল কলেজ এন্ড হসপিটাল পরিদর্শনের জন্য আমন্ত্রণ জানাই। এতে তিনি সম্মত হয়ে এ ২টি প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন, এর বেশি কিছু নয়।’ তবে নাম প্রকাশ না করার শর্তে জেলার একটি গোয়েন্দা সংস্থার পদস্থ একজন কর্মকর্তা জানান, ‘বাংলাদেশে নিযুক্ত বাইরের কোন দেশের রাষ্ট্রদূত এদেশের কোন প্রান্তে সফরে যেতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়কে লিখিতভাবে অবহিত করবে। পররাষ্ট্র মন্ত্রণালয় ওই রাষ্ট্রদূতের নিরাপত্তামূলক পদক্ষেপ গ্রহণের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করবে। সে মোতাবেক স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে পুলিশ হেডকোয়ার্টার্স বা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ গোয়েন্দা সংস্থাকে অবহিত করার নিয়ম রয়েছে; কিন্তু এক্ষেত্রে তা জানানো হয়নি। তবে তার আগমনের বিষয়টি জেনে আমরা তাত্ক্ষণিকভাবে তত্পর হই।’ কুমিল্লার জেলা প্রশাসক মো. হাসানুজ্জামান কল্লোল জানান, কুয়েতের রাষ্ট্রদূতের কুমিল্লায় আগমনের বিষয়টি আমার জানা ছিল না, পরে জেনেছি। তবে তিনি কেন বা কার আমন্ত্রণে এসেছেন তা আমাকে অবহিত করা হয়নি। কুমিল্লার পুলিশ সুপার টুটুল চক্রবর্তী জানান, রাষ্ট্রদূতের কুমিল্লায় আগমনের পর জানতে পেরে তার প্রটোকলে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি। রাষ্ট্রদূতের প্রটোকলে থাকা পুলিশের এসআই আক্তার হোসেন জানান, বুধবার বিকাল ৪টার দিকে আমরা মহাসড়কের কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকা থেকে তাকে প্রটোকলের দায়িত্ব পালন করি এবং সন্ধ্যা ৭টার দিকে কুমিল্লা সীমানা অতিক্রমের পর ফেনী পুলিশ প্রটোকলের দায়িত্ব গ্রহণ করে। নাম প্রকাশ না করার শর্তে দায়িত্বশীল সূত্র জানায়, কুয়েতের রাষ্ট্রদূত গতকাল বৃহস্পতিবার পর্যন্ত চট্টগ্রামের আগ্রাবাদে অবস্থান করলেও ওখানকার স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা তার অবস্থানের বিষয়টি অবহিত নন। এদিকে বুধবার জামায়াত নিয়ন্ত্রিত কুমিল্লার ২টি প্রতিষ্ঠানে কুয়েত রাষ্ট্রদূতের আগমন ও বৈঠকের বিষয়ে বেশ আলোচনার সৃষ্টি হয়।