রংপুরে পুলিশের সঙ্গে গুলি বিনিময় ডাকাত নিহত

জেলার মিঠাপুকুরে পুলিশের সঙ্গে বন্দুক যুদ্ধে এক ডাকাত নিহত হয়েছে। এসময় দুই পুলিশ কনস্টেবল আহত হয়েছেন। গত বুধবার রাতে রংপুরের মিঠাপুকুর-ফুলবাড়ি আঞ্চলিক মহাসড়কে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, ওই আঞ্চলিক মহাসড়কের ভেলুয়ার ব্রিজের অদূরে একটি শালবনে ১০/১২ জনের একটি সশস্ত্র ডাকাতদল একটি মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে আরোহী ৩ জনকে বেধড়ক মারপিট করতে থাকে। এসময় তাদের চিত্কারে মিঠাপুকুর থানার টহল পুলিশ ঘটনাস্থলে গেলে ডাকাতদের সাথে গুলি বিনিময় হয়। এক পর্যায়ে আলমগীর হোসেন (৩৫) নামে এক ডাকাত ঘটনাস্থলেই নিহত হয়। আহত দুই পুলিশ সদস্য হলেন- কনস্টেবল শফিকুল ইসলাম ও আ. বারী। এসময় অন্য ডাকাতরা পালিয়ে যায়। পুলিশ আলমগীরের মৃতদেহ ও ছিনিয়ে নেয়া মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় দুইটি মামলা দায়ের করা হয়েছে।