রাজশাহীতে টিকিটের জন্য হাহাকার
আনিসুজ্জামান, রাজশাহী অফিস
প্রকাশ : ৩১ জুলাই ২০১৪, ২৩:২৩
প্রিয়জনের সান্নিধ্যে ঈদের ছুটি কাটিয়ে কর্মস্থল ফেরত রাজশাহীর যাত্রীরা টিকিটের অভাবে বিপাকে পড়েছেন। যারা ঈদের আগেই ফিরতি টিকিট কিনে রেখেছিলেন, এখন শুধু তারাই আরামে ফিরতে পারছেন। অন্যরা বাস-ট্রেন কোথাও টিকিট না পেয়ে বিড়ম্বনায় পড়ছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, ঈদ উপলক্ষে যানবাহনের সংখ্যা বাড়লেও বাস অথবা ট্রেনে কোন টিকিট নেই। বিশেষ করে আন্তঃনগর ট্রেনের সকল টিকিট (এসি-ননএসি) আগামী ৪ আগস্ট পর্যন্ত বিক্রি হয়ে গেছে। ফলে ঈদের ছুটি শেষে কর্মস্থল ফেরত মানুষ চরম ভোগান্তির মুখে পড়েছেন।
ঈদের পরদিন বুধবার বিকাল থেকে রাজশাহী রেলওয়ে স্টেশন ও বাস কাউন্টারে কর্মস্থল ফেরত মানুষের উপচেপড়া ভিড় পরিলক্ষিত হয়। বৃহস্পতিবার সকাল থেকে সেই ভিড় প্রকট আকার ধারণ করে। এদিন ভোর থেকে রাজশাহী রেলস্টেশন কাউন্টারে টিকিটের জন্য মানুষের ভিড়ে ঠাসাঠাসি অবস্থা বিরাজ করছিল।
ভুক্তভোগী আশরাফ আলী জানান, আগাম ছুটি নেয়া সরকারি চাকরিজীবীরা বেশি সমস্যায় পড়েছেন। নির্ধারিত ছুটি শেষে ঢাকায় না ফিরতে পারলে তাদের নানা ঝামেলায় পড়তে হবে। এজন্য কয়েকগুণ অতিরিক্ত ভাড়ায় বিকল্প যানবাহনের জন্য চেষ্টা করছেন। তার মতো অনেক যাত্রী বিভিন্ন লোকাল বাস ও মাইক্রোবাস ভাড়া করে রাজধানী ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। অনেকে আবার ভেঙে ভেঙে ঢাকা, চট্টগ্রাম ও খুলনার উদ্দেশ্যে রওনা হচ্ছেন।
এ ব্যাপারে রাজশাহী রেলওয়ে স্টেশন সুপারিনটেনডেন্ট আবদুল করিম জানান, ঈদে বাড়তি চাপ থাকায় ২০ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত রাজশাহী-ঢাকা রুটের বিভিন্ন আন্তঃনগর ট্রেনের আগাম টিকিট বিক্রি হয়েছে। ঈদের ছুটিতে এসেই যারা ফেরত টিকিট কিনেছিলেন, তারাই এখন আরামে কর্মস্থলে ফিরতে পারছেন।
ঢাকাগামী হানিফ এন্টারপ্রাইজের টিকিট মাস্টার শাহীন আলম জানান, ঢাকা থেকে রাজশাহী নেমেই অনেকে ফেরত টিকিট নিয়েছেন। কেউ আবার স্বজনদের মাধ্যমে আগাম টিকিট কিনে রেখেছেন। তাই আগামী ৫ আগস্ট পর্যন্ত ঢাকাগামী কোচের কোন টিকিট নেই।