সিকান্দার বক্সের হাওয়াই গাড়ি

সাগর জাহানের রচনা ও পরিচালনায় ৬ পর্বের বিশেষ ধারাবাহিক নাটক ‘সিকান্দার বক্সের হাওয়াই গাড়ি’ বাংলাভিশনে প্রচারিত হবে পবিত্র ঈদুল ফিতরে ঈদের দিন থেকে ৬ষ্ঠ দিন পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে। নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম, তিশা, তানিয়া আহমেদ, ফারুক আহমেদ, আরফান আহমেদ, আশা প্রমুখ। গল্পে দেখা যাবে, সিকান্দার বক্স গাড়ি কেনার জন্য প্রস্তুতি নিচ্ছেন। গাড়ি কেনার আগে ড্রাইভার রেখেছেন। ড্রাইভারকে নিয়ে সিকান্দার বক্স চলাফেরা করছেন। ড্রাইভারকে সিএনজির সামনে বসিয়ে রাখেন। গাড়ি কিনতে নারাজ সিকান্দার বক্সের স্ত্রী। তিনি চিন্তা করছেন এটা তাদের জন্য বাড়তি খরচ। সিকান্দার বক্স মহল্লার রিকশাওয়ালাদের অগ্রিম টাকা দিয়ে রাখেন যেন তার স্ত্রীকে রিকশায় না নেন। রিকশা না পেলে যদি গাড়ি কিনতে রাজি হয় তার স্ত্রী, এই চিন্তায় এসব করছেন। সিকান্দার বক্সের বন্ধু হাবিব বুদ্ধি দেয় পুরোনো গাড়ি কেনার জন্য। এতে টাকাও কম লাগবে। এই পরিকল্পনাও তার স্ত্রী মানতে চায় না। সিকান্দার বক্স তার স্ত্রীকে তার ছোটবেলার এক গল্প বলে। সিকান্দার বক্স ছোটবেলায় একটি সাইকেল চেয়েছিল বাবার কাছে। বাবা বোনাস পেয়ে সাইকেল কিনে দিতে চেয়েছিলেন। কিন্তু কোনো কারণে বোনাসের টাকা না পাওয়াতে সাইকেল কিনতে পারেনি তার বাবা। বাবার সামনে মন খারাপ না করলেও সিকান্দার বক্স মনে খুব কষ্ট পেয়েছিল সেই সময়। তাই সে নিজেই একটা গাড়ি কিনতে চেয়েছে, যেন তার এবং তার স্ত্রীর চলাচলে সুবিধা হয়। তবে তার স্ত্রী গাড়ি কিনতে না চাইলে সে আর গাড়ি কিনবে না। সিকান্দার বক্সের স্ত্রী এই কষ্টটা বুঝতে পারে। তাই সে গোপনে সিকান্দার বক্সের বন্ধুদের সাথে যোগাযোগ করে ঈদের দিন সকালে সিকান্দার বক্সকে সারপ্রাইজ দেয়। আর সেটা হলো, সিকান্দার বক্সের জন্য একটি গাড়ি।