কস্তার প্রশংসায় মরিনহো

কোচ হোসে মরিনহো মনে করেন, ফরোয়ার্ড দিয়েগো কস্তা চেলসিতে দারুণ এক সংযোজন। শুধু তাই নয় তিনি জানিয়েছেন, অন্য খেলোয়াড়রাও নবাগত খেলোয়াড়টির সামর্থ্যে বিস্মিত। কস্তা গেল মৌসুমে অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে দুর্দান্ত খেলে সবার নজর কাড়েন। তার নৈপুণ্যে ক্লাবটি স্প্যানিশ লিগের শিরোপা জিতে নেয়। এরপর ২৫ বছর বয়সী খেলোয়াড়টি ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব চেলসিতে যোগ দেন। মরিনহো স্কাই স্পোর্টসকে বলেন, ‘সে আমাদের দলে দুর্দান্ত এক সংযোজন। সে দারুণ খেলোয়াড়। টেকনিক্যাল দিক থেকে সে খুবই খুবই ভাল। সেজন্য খেলোয়াড়দের অধিকাংশই খুবই খুশি এবং বিস্মিত। কারণ খেলোয়াড়টির সামর্থ্য তারা যা ভেবেছিল এর চাইতেও বেশি।’ চেলসির পর্তুগীজ কোচটি আরো বলেন, ‘সে শারীরিকভাবে এতটাই শক্তিশালী যে, খেলা চলাকালে অনেক বেশি খাটে। এখন দিয়েগো, ফার্নান্দো টোরেস ও দিদিয়ের দ্রগবা আমাদের আক্রমণভাগে থাকায়, সেটা আমাদের অনেক বেশি সক্ষমতা এনে দিয়েছে। আমরা এখন এই বিভাগে খুবই শক্তিশালী।’ এদিকে অ্যাটলেটিকো মাদ্রিদের প্রবল আগ্রহ সত্ত্বেও টোরেসকে বিক্রি করা হবে না বলে জানিয়ে দিয়েছে চেলসি। কস্তা দল ছেড়ে আসার পর টোরেসকে ফিরিয়ে নেয়ার ব্যাপারে অ্যাটলেটিকো প্রবল আগ্রহ প্রকাশ করে। রোমেলু লুকাকু দুই কোটি ৮০ লাখ পাউন্ডে স্টামফোর্ড ব্রিজ ছেড়ে এভারটনে যোগ দেয়ার পর মরিনহো বলেছেন, টোরেসকে এই গ্রীষ্মে বিক্রি করা হবে না। তার বিষয়ে আগামী মৌসুমে সিদ্ধান্ত নেয়া হবে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘দলে তিনজন স্ট্রাইকার থাকা একটি মৌলিক বিষয় এবং আমাদের তিনজন রয়েছে, ফার্নান্দো তাদের মধ্যে একজন। আমাদের ভাল একটি দল রয়েছে। একটি সঠিক দলে ১৭ নয় ১৮ জন খেলোয়াড় থাকতে হয়।’ দলবদল বাজারে খবর বেরিয়েছে চেলসি চার কোটি পাউন্ডের বিনিময়ে প্যারিস সেন্ট জার্মেই থেকে এডিসন কাভানিকেও দলে আনছে।-বাসস/সুপারস্পোর্ট