ইংল্যান্ডের বিশ্বকাপ দলে নতুন মুখ জফরা আর্চার। বিশ্বকাপের আগে সবচেয়ে আলোচিত ক্রিকেটার তিনি। ওয়েস্ট ইন্ডিজে জন্ম নেওয়া এই ক্রিকেটার বিশ্বকাপ খেলতে যাচ্ছেন ইংল্যান্ডের হয়ে। শুরুতে বিশ্বকাপ দলে ঠাঁই হয়নি তার। পরে ক্রিকেট দুনিয়ায় তাকে নিয়ে শুরু হয় তুমুল আলোচনা। শেষ পর্যন্ত এই অলরাউন্ডারকে বিশ্বকাপ দলে নিয়েছে ইংল্যান্ড। আইসিসির দেওয়া সুযোগ কাজে লাগিয়ে ২৩ মে’র আগে বিশ্বকাপ দলে পরিবর্তন আনে ইংল্যান্ড।
টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাত্কারে আর্চার বলেছেন, নিজের কল্পনার চেয়ে চার বছর আগে বিশ্বকাপ খেলছেন তিনি। বিশ্বকাপের আগে চাপে রয়েছেন কিনা জানতে চাইলে আর্চার বলেন, ‘সত্যিই না। আমার নিজের ভাবনার চেয়ে চার বছর আগে আমি ইংল্যান্ডের হয়ে বিশ্বকাপে আন্তর্জাতিক ক্রিকেট খেলছি। আমি শুধু নিজে উপভোগ করতে চাই।’
গতকাল বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেও ইংল্যান্ডের একাদশে ছিলেন জফরা আর্চার। দলের প্রয়োজনে ব্যাটিং, বোলিং দুই বিভাগেই অবদান রাখতে চান ২৪ বছর বয়সী এই তরুণ। তিনি বলেছেন, ‘যখনই দরকার হবে, আমি বোলিং করতে প্রস্তুত। ইনিংসের মাঝপথে জুটি ভাঙাই আমার মূল কাজ। সময়টা যখনই হোক, আমি প্রস্তুত।’