রাজৈরে অন্যরকমের ঈদ আনন্দ বৃদ্ধদের দখলে ফুটবল মাঠ

ঈদের আনন্দে এবার রাজৈর উপজেলার কদমবাড়ীতে ভিন্ন ধারার ফুটবল খেলায় অংশ নিয়েছেন স্থানীয় বয়স্করা। সত্তরোর্ধ্ব ৮০ জন বৃদ্ধ ফুটবলের জার্সি ও প্যান্ট পরে প্রস্তুত ছিলেন। ঈদের আগের দিন রাজৈর উপজেলার কদমবাড়ী ইউনিয়নের পুকুরিয়া চতুষ্পল্লী উচ্চ বিদ্যালয় মাঠে কদমবাড়ী ইউপি চেয়ারম্যান দীনেশ চন্দ্র বিশ্বাসের উদ্যোগে এ প্রীতি ফুটবল খেলার আয়োজন করা হয়। উভয় দলে ৮০ জন খেলোয়াড় জার্সি পরিধান করে খেলায় অংশগ্রহণের জন্য প্রস্তুত থাকলেও মাঠে ছিলেন ২২ জন খেলোয়াড়। মনোমুগ্ধকর এ খেলাটি উপভোগ করার জন্য কয়েক হাজার নারী-পুরুষ মাঠে উপস্থিত ছিলেন। খেলায় প্রধান ও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন রাজৈর উপজেলা চেয়ারম্যান শাজাহান খান, ঢাকা কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ডঃ সন্তোষ ঢালী ও ভাইস চেয়ারম্যান শান্তি রঞ্জন দাস। খেলায় রেফারি ছিলেন বিশিষ্ট ক্রীড়াবিদ শৈলেন্দ্র নাথ হালদার।