মেহেন্দিগঞ্জের এতিমখানা ব্রিজের জীর্ণদশা
মেহেন্দিগঞ্জ (বরিশাল) সংবাদদাতা
প্রকাশ : ০১ আগস্ট ২০১৪, ২২:২৭
মেহেন্দিগঞ্জ উপজেলার ধূলিয়া মধ্যেরচর এতিমখানার ব্রিজটি ভেঙ্গে মরণফাঁদে পরিণত হয়েছে। ৫টি গ্রামসহ ২ ইউনিয়নের জনসাধারণ ও ৫টি শিক্ষা প্রতিষ্ঠানসহ উপজেলা সদর ও পৌরসভার যাতায়াতের একমাত্র পথ এটি। গুরুত্বপূর্ণ এ ব্রিজটি দীর্ঘদিন জরাজীর্ণ অবস্থায় পড়ে থাকলেও এখন পর্যন্ত মেরামতে কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নেয়নি। সরেজমিনে গিয়ে দেখা গেছে, এতিমখানা বাজারের খালের ওপর এই ব্রিজটি একযুগ আগে নির্মিত হয়। এদিকে ধূলিয়া মধ্যেরচর, সিন্নিরচর, বদরপুরসহ ২ ইউনিয়নের মানুষ জীবনের ঝুিঁক নিয়ে ব্রিজটি দিয়ে যাতায়াত করছে। এছাড়া পাতারহাট আর.সি কলেজ, মহিলা কলেজ, মুসলিম উচ্চ বিদ্যালয়, জুবলী উচ্চ বিদ্যালয়, পাতারহাট ফাজিল মাদ্রাসার শিক্ষার্থীরা প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে চলাচল করছে। এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী বোরহান উদ্দিন মোল্লা বলেন, আমি ব্রিজটি দেখেছি, ব্রিজটি অধিক ঝুিঁকপূর্ণ। বরাদ্দ এলেই সংস্কারের টেন্ডার দেয়া হবে।