সুজানগরে জলাবদ্ধতার কবলে শিক্ষা প্রতিষ্ঠান ও বাড়িঘর
সুজানগর (পাবনা) সংবাদদাতা
প্রকাশ : ০১ আগস্ট ২০১৪, ২২:২৯
পাবনার সুজানগরের চরগোবিন্দপুর এলাকায় ভয়াবহ জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। জলাবদ্ধতার কবলে পড়ে সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছে ওই এলাকার একাধিক শিক্ষা প্রতিষ্ঠান, এনজিও, ব্যবসা প্রতিষ্ঠান ও বেশ কিছু বাড়িঘর। জানা যায়, পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় প্রতি বছর বৃষ্টির মৌসুমে বিশেষ করে চরগোবিন্দপুরের পশ্চিম এলাকায় চরম জলাবদ্ধতা সৃষ্টি হয়। এ সময় ওই এলাকায় অবস্থিত প্রভাতী কিন্ডার গার্টেন, বে-সরকারি সংস্থা আশা, অন্যন্য, গ্রামীণ ব্যাংক এবং রাজু ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরিসহ বেশ কিছু বাড়িঘর ও প্রতিষ্ঠান বৃষ্টির পানিতে নিমজ্জিত হয়ে যায়। এতে ওই সকল প্রতিষ্ঠানের কার্যক্রম চরমভাবে ব্যহত হওয়ার পাশা-পাশি উক্ত বাড়িঘরে বসবাসকারী পরিবার পরিজনকে সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়। জলাবদ্ধতার শিকার ভুক্তভোগী পরিবারের সদস্য মোজাহার আলী জানান, পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় চলতি বৃষ্টির মৌসুমে তাদের বাড়িঘর পানিতে নিমজ্জিত হয়ে গেছে। এতে রান্নাবান্নাসহ সাংসারিক দৈনন্দিন কাজে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। প্রভাতী কিন্ডার গার্টেন স্কুলের প্রধান শিক্ষক উজ্জ্বল হোসেন জানান, ভয়াবহ জলাবদ্ধতার কারণে তার প্রতিষ্ঠানের পাঠদান কার্যক্রম চরমভাবে ব্যহত হচ্ছে। পাশাপাশি দীর্ঘ জলাবদ্ধতার কারণে প্রতিষ্ঠানের মূল্যবান আসবাবপত্র নষ্ট হয়ে যাচ্ছে। জলাবদ্ধতার কারণে পানি দূষিত হয়ে এলাকায় পানিবাহিত রোগ ব্যাধি ছড়াচ্ছে বলেও এলাকাবাসী জানান। ভুক্তভোগীরা জলাবদ্ধতা দূরিকরণে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন।