ঝিনাইদহে রেল লাইন ঘেঁষে মাছ বাজার দুর্ঘটনার আশঙ্কা

ঝিনাইদহের বারোবাজারে ট্রেন লাইন ঘেঁষে গড়ে উঠেছে অবৈধ মাছ বাজার। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাছের এ পাইকারি বাজার চলে। যে কোন সময় দুর্ঘটনা ঘটে হতাহতের ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন অনেকেই। বারোবাজার রেল স্টেশন থেকে একটু দূরে ক্রসিংয়ের পাশে এ বাজার গড়ে উঠে ৮০’র দশকের গোড়ার দিকে। এক পাশে রেলের ও আরেক পাশে সড়ক ও জনপথ বিভাগের জায়গা দখল করে অবৈধভাবে এ বাজার গড়ে উঠে। প্রথমে হাতেগোনা কয়েকটি আড়ত থাকলেও আস্তে আস্তে রেল লাইনের পাশ ঘেঁষে তা বাড়তে থাকে। বর্তমানে রেল লাইনের দু’ পাশেই মাছের আড়ত গড়ে উঠেছে। মাঝখান দিয়ে শুধু লাইন চলে গেছে। ফলে স্থানটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। জানা যায়, রেলওয়ে কর্তৃপক্ষ রেলের জায়গা ছেড়ে দিতে নোটিস দিলেও দখলদাররা তাতে কর্ণপাত করেন না। ২০০৭ সালে অবৈধ এ মাছ বাজার ভেঙ্গে দেয়া হয়। তারপর আবারো গড়ে উঠেছে মাছের আড়ত ও বাজার । সড়ক ও জনপথ বিভাগ থেকেও অবৈধ দখল ছেড়ে দিতে বার বার বলা হয়েছে। কিন্তু কোন কিছুতেই কাজ হচ্ছে না।