এডেন হ্যাজার্ড চেলসির সাত বছর দীর্ঘ ক্যারিয়ারের সম্ভাব্য শেষ ম্যাচটা এর চেয়ে ভালোভাবে আর রাঙাতে পারতেন না। খেলে-খেলিয়ে ইউরোপা লিগের ফাইনালে নগর প্রতিদ্বন্দ্বী আর্সেনালের বিপক্ষে চেলসিকে ৪-১ গোলের বড় জয় পাইয়ে দিয়েছেন তিনি। তাতে ক্লাবটি তাদের ইতিহাসের দ্বিতীয় ইউরোপা লিগ শিরোপাটি ঘরে তোলে।
আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত ফাইনালটি মাঠে গড়ানোর আগেই একগাদা বিতর্কের জালে জড়িয়ে পড়েছিলো। নিরাপত্তাজনিত কারণে এই ম্যাচ থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন আর্মেনীয় খেলোয়াড় হেনরিখ মিখিতারিয়ান। তারপর লন্ডন থেকে ৪৯৭০ মাইল দূরের এই ভেন্যুতে ৬৭০০০ দর্শকের ধারণ ক্ষমতা থাকলেও দুই দলকে টিকিট দেয়া হয়েছিলো মাত্র ১২০০০টি! সঙ্গে যোগ হয়েছিলো টিকিটের চড়া দাম। সবকিছু মিলিয়ে পরিস্থিতি এই ম্যাচ দেখতে দুই দলের সমর্থকদের রীতিমতো নিরুত্সাহিতই করছিলো।
ফাঁকা গ্যালারির সামনে প্রথমার্ধটাও হয়েছিলো ম্যাড়মেড়ে। ৪৯ মিনিটে সাবেক আর্সেনাল খেলোয়াড় অলিভিয়ের জিরুর গোলে এগিয়ে যায় চেলসি। ৬০ মিনিটে হ্যাজার্ডের সহায়তায় ব্যবধান দ্বিগুণ করেন পেদ্রো রদ্রিগেজ। এর মিনিট পাঁচেক পর পেনাল্টি থেকে গোল করে ম্যাচটি আর্সেনালের নাগালের বাইরেই নিয়ে যান হ্যাজার্ড। অ্যালেক্স ইয়োবির গোলে আর্সেনাল ম্যাচে ফেরার ইঙ্গিত দিলেও ৭২ মিনিটে আবারো হ্যাজার্ডের গোল জয় নিশ্চিত করে চেলসির। এমন নৈপুণ্যে হ্যাজার্ড কোচ মাউরিজিও সারির প্রশংসা কুড়ালেও চেলসি কোচ জানালেন- বেলজিয়ান এই খেলোয়াড়ের প্রস্থান সম্পর্কে অনেক আগেই জানতেন তিনি। সারির ভাষায়: ‘হ্যাজার্ড একজন অসাধারণ খেলোয়াড়। কিন্তু তাকে বুঝতে আপনার দুই কিংবা তিন মাসের মতো সময় লাগতে পারে। তারপর আপনি বুঝবেন মানুষ হিসেবেও সে অসাধারণ। আমি অবশ্যই জানতাম সে যেতে চায়। কিন্তু আমি তার সিদ্ধান্তকে সম্মান জানাতে চেয়েছি। এবং এখন আমাকে আমার ক্লাবের সঙ্গে কথা বলতে হবে।’
মৌসুমের শুরুতে বাজে ফলাফলের জন্য সমালোচনার মুখে পড়া চেলসি কোচ মাউরিজিও সারি মৌসুমের শেষভাগে এসে দলকে তুলেছিলেন কারাবাও কাপের ফাইনালে। এরপর শীর্ষ চারে থেকে প্রিমিয়ার লিগ শেষ করে চেলসিকে চ্যাম্পিয়ন্স লিগে ফিরিয়ে আনার পর পারফর্মেন্স দিয়েই সমালোচকদের মুখ বন্ধ করে দিয়েছিলেন সারি। এবার দলটির হয়ে প্রথম মৌসুমেই জিতলেন প্রথম শিরোপা। তবে এরপরেও দলটির হয়ে কোচ সারির ভবিষ্যত্ পরিষ্কার নয়। গুঞ্জন আছে আগামী মৌসুমে জুভেন্তাস ডাগআউটে দেখা যেতে পারে ইতালীয় এই কোচকে। ম্যাচের পর সাংবাদিকদের মুখোমুখি হয়েও এ নিয়ে খোলাসা করে কিছুই বললেন না সারি, ‘মৌসুমটা মাত্রই শেষ হলো। আগামীকাল আমি আমার ক্লাবের সঙ্গে, মালিকের সঙ্গে ও কর্মকর্তাদের সঙ্গে কথা বলবো। আমাদের জানা উচিত ক্লাব আমার জন্য কী করতে পারে এবং ক্লাবের উন্নতির জন্য আমি কি অবদান রাখতে পারি। সেজন্যে ক্লাবেরও সঙ্গে বসতে হবে। এর কিছুদিন পর আমি সিদ্ধান্ত নেবো। আমার একটা চুক্তি আছে তাই এই মুহূর্তে আমি কিছু নিয়েই কথা বলতে পারবো না।’