বাল্য বিয়ে থেকে রক্ষা পেল স্কুল ছাত্রী

বরিশালের গৌরনদীর পৌর মেয়রের হস্তক্ষেপে বাল্য বিবাহের হাত থেকে রক্ষা পেল সপ্তম শ্রেণীর আখি আকতার (১২) নামের এক ছাত্রী। গতকাল (শুক্রবার) দুপুরে বিবাহ অনুষ্ঠান চলাকালীন গৌরনদীর পৌর মেয়র মোঃ হারিছুর রহমান ওই স্কুল ছাত্রীর বাড়ীতে গিয়ে বাল্য বিবাহ বন্ধ করে দেন। জানাগেছে, উপজেলার চর দিয়াশুর গ্রামের কাঠ ব্যবসায়ী দেলোয়ার প্যাদার কন্যা ও গৌরনদী গার্লস হাইস্কুল এন্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্রী আখি আকতারের মতে উপজেলার হরিশোনা গ্রামের মৃত শাহেআলম সরদারের পুত্র জাহাঙ্গীর সরদার (৩০) এর সাথে তার বিবাহ ঠিক করা হয়। শুক্রবার দুপুরে বরযাত্রী আসলে নাবালিকার বিয়ে পড়ানোর জন্য কাজী ডাকা হয়। এ সময় খবর পেয়ে পৌর মেয়র গিয়ে বিবাহ বন্ধ করে দেন। তবে মেয়রের নির্দেশে বিয়ে অনুষ্ঠানের জন্য যোগার করা খাবার দিয়ে বর ও কনে পক্ষের মেহমানদের আপ্যায়ন করানো হয় ।