মুন্সীগঞ্জে হামলা ও সংঘর্ষে আহত ১০, এলাকায় উত্তেজনা

মুন্সীগঞ্জ সদর উপজেলার শিলই গ্রামে বৃহস্পতিবার রাতে ৪ ব্যক্তি জখমসহ ১০ জন আহত হয়েছে। গুরুতর জখম কামরুল ব্যাপারী (২৮), হুমায়ুন ব্যাপারী (৩৭) ও মহিউদ্দিন খানকে (৩৬) মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি এবং রুহুল আমিন খানকে (৪২) মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিত্সা দেয়া হচ্ছে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ মেতায়েন করা হয়েছে। সদর থানার ওসি মো. শহিদুল ইসলাম ও স্থানীয় সূত্র জানায়, রাত সোয়া ৮টার দিকে শিলই মাছ বাজারে বসে কয়েকজন গল্প করছিল। আকস্মিক সলেমান জমাদ্দার কয়েকজন লোক নিয়ে এসে কামরুল ব্যাপারীকে পেছন থেকে ছুরি দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। লোকজন ছুটে আসলে দু’পক্ষের মধ্যে ধস্তাধস্তি ও সংঘর্ষ বেধে যায়। এতে আরও ৬ জন আহত হয়। এই নিয়ে ব্যাপারী গোষ্ঠী ও জমাদ্দার গোষ্ঠী মুখোমুখি অবস্থানে রয়েছে। যে কোনো সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করা হচ্ছে। দীর্ঘদিন ধরে এই দু’গোষ্ঠীর সাথে বিরোধ চলে আসছিল। পুলিশ জানায়, সলেমান জমাদ্দার হত্যা মামলার আসামি। এই ঘটনায় এখনও কোনো মামলা হয়নি, পুলিশ অপরাধীদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে।