নড়াইলে সুলতান উত্সব পিছিয়েছে

বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে নড়াইলে অনুষ্ঠিতব্য ‘সুলতান উত্সব’ পিছিয়েছে। শিল্পী সুলতানের জন্মদিন ১০ আগস্ট থেকে চার দিনব্যাপী ‘সুলতান উত্সবের’ আয়োজন হওয়ার কথা। কিন্তু পবিত্র রমজান ও চিত্রশিল্পী সুবির চৌধুরীর মৃত্যুতে প্রস্তুতি সম্পন্ন না হওয়ার কারণে তা পিছিয়ে যাচ্ছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আগস্টের শেষ সপ্তাহের দিকে এ উত্সবের আয়োজন করা হতে পারে। নড়াইলের জেলা প্রশাসক ও সুলতান ফাউন্ডেশনের সভাপতি আঃ গাফ্ফার খান এ তথ্য নিশ্চিত করেছেন। চিত্রশিল্পী এসএম সুলতানের জন্মবার্ষিকী উপলক্ষে এসএম সুলতান ফাউন্ডেশন ও জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় প্রতিবছর ১০ আগস্ট চিত্রা নদীতে পুরুষ ও মহিলাদের আকর্ষণীয় নৌকা বাইচ এবং এসএম সুলতান চারু ও কারুকলা এবং বেঙ্গল ফাউন্ডেশনের আয়োজনে সুলতান মঞ্চে চার দিনব্যাপী শিল্পীদের আর্টক্যাম্প, শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, চিত্র ও আলোকচিত্র প্রদর্শনী, সঙ্গীত-নৃত্যানুষ্ঠান, নাটক, ডক্যুমেন্টরি ফ্লিম প্রদর্শনীর আয়োজন করা হয়।