সাতকানিয়ায় পুলিশ জামায়াত গুলি বিনিময়
সাতকানিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা
প্রকাশ : ০১ আগস্ট ২০১৪, ২২:৩৪
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের আজিমপুর গ্রামের শাহ আবদুল বারী দরগাহ এলাকায় গত বৃহস্পতিবার রাতে পুলিশের সঙ্গে জামায়াত কর্মীদের গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থল থেকে তিনটি গুলির খোসা এবং জামায়াত সন্ত্রাসী খোরশেদের বাড়ি থেকে চারটি রামদা ও একটি হ্যান্ড মাইক উদ্ধার করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত নয়টার দিকে উপজেলা এলডিপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিনের আজিমপুরের গ্রামের বাড়িতে হামলা করার জন্য জামায়াত-শিবিরের কর্মীরা খোরশেদের নেতৃত্বে জড়ো হচ্ছিল। এ খবর পাওয়ার পর একদল পুলিশ দরগাহ এলাকার কাছাকাছি পৌঁছালে জামায়াত-শিবির কর্মীরা ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়লে পুলিশও সন্ত্রাসীদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। উভয় পক্ষে অন্তত পঁয়ত্রিশ রাউন্ড গুলি বিনিময় হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। পুলিশ ঘটনাস্থল থেকে তিনটি গুলির খোসা ও ঘটনাস্থলের পার্শ্ববর্তী খোরশেদের বাড়ি তল্লাশি করে চারটি রামদা ও একটি হ্যান্ড মাইক উদ্ধার করে।
সাতকানিয়া উপজেলা এলডিপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জসিমের ছোট ভাই মোহাম্মদ শফি জানান, সন্ত্রাসী খোরশেদ ও রাশেদের নেতৃত্বে জামায়াত-শিবিরের সন্ত্রাসীরা পূর্ব পরিকল্পনা অনুযায়ী আমাদের বাড়িতে হামলা করলে পুলিশকে খবর দিই। ঘটনাস্থলে দ্রুত পুলিশ উপস্থিত হলে উভয় পক্ষের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটে।