হোমনায় ২ সেতুতে দর্শনার্থীদের ভিড়

বিনোদনের কোনো ব্যবস্থা না থাকলেও জেলার হোমনা উপজেলায় ঈদ, নববর্ষ, পূজাসহ যে কোনো উত্সবে দর্শনার্থীরা তিতাস নদীর উপর হোমনা-বাঞ্ছারামপুর সেতু ও কাঁঠালিয়া নদীর উপর নব নির্মিত সেতুতে ভিড় জমাচ্ছেন। এতে সেতুগুলোতে যানজটের সৃষ্টি হলেও এখানে আসা দর্শনার্থীদের আনন্দের কোনো কমতি নেই। সরেজমিনে সেতুগুলো ঘুরে দেখা গেছে, ঈদের নামাজ শেষ হতে না হতেই সেতুগুলোতে বেড়ে যায় দর্শনার্থীদের ভিড়। ঈদ শেষ হলেও এর রেশ রয়েছে এখনো। বিভিন্ন বয়সের নারী-পুরুষ ও ছোট ছোট ছেলে-মেয়েদের উপস্থিতিতে আনন্দ মুখর হয়ে ওঠছে সেতুগুলো। সেতুতে দর্শনার্থীদের ভিড় থাকবে সপ্তাহব্যাপী। এ কারণে সেতু ২টিতে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ। সেতুগুলোতে ঘুরতে আসা দর্শনার্থীদের মধ্যে কলেজ ছাত্রী ইভা, সুমা, চৈতি জানান, তারা তিতাস উপজেলা থেকে এই ২টি সেতুতে ঘুরতে এসে খুব আনন্দ পেয়েছেন। হোমনা উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আজিজুর রহমান জানান, জেলার বিভিন্ন উপজেলা থেকে সেতু দেখতে আসা দর্শনার্থীদের মতো তিনিও প্রতিদিন বিকালে সেতুতে গিয়ে আড্ডা দেন।