পাঁচবিবিতে এবার বেসরকারি শিক্ষকদের ঈদ-আনন্দ ছিল না

পাঁচবিবিতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষকরা জুলাই মাসের বেতন না পাওয়ায় এবার তাদের ঈদ আনন্দ হলো না। ছেলে-মেয়েদের মিথ্যা আশায় রেখে ঈদুল ফিতর উদযাপন করতে হলো তাদের। জানা গেছে বেসরকারি স্কুল, মাদ্রাসা ও কলেজের শিক্ষকরা জুন মাসের বেতন পেয়েছেন জুলাই মাসের শেষে। জুলাই মাস পুরোটাই রোজা চলতে থাকায় বেতনের সব টাকাই রোজায় ব্যয় হয়। কাজেই জুলাই মাসের বেতন তুলেই ঈদের খরচ করার আশায় থাকেন তারা। কিন্তু যথাসময়ে ঈদ হলেও শিক্ষকরা বঞ্চিত হলেন বেতন থেকে। শিক্ষকদের ঈদ বোনাস দেয়া হয় মূল বেতনের মাত্র ২৫ শতাংশ। যা দিয়ে দু’দিনের কাঁচা বাজার হয় মাত্র। কেমন ঈদ করলেন প্রশ্নে পাঁচবিবি আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আব্দুল হামিদ জানান, আমরা বেসরকারি স্কুলের শিক্ষক, আমাদের আবার ঈদের আনন্দ কোথায়? আমাদের জুলাই মাসের বেতন দেয়া হয়নি। ঈদ বোনাস পেয়েছি মূল বেতনের ২৫ শতাংশ। ছেলে-মেয়েদের বেতনের মিথ্যা আশায় রাখলাম কিন্তু আশার গুঁড়েবালি। আয়মা জামালপুর মাদ্রাসার শিক্ষক ইসমাইল হোসেন বললেন, আমি একটি এনজিওতে ব্যাংক চেক জমা দিয়ে টাকা নিয়ে বাচ্চাদের জামা-কাপড়সহ ঈদের খরচ করেছি।