ইউরোপা লিগের ফাইনালে দারুণ নৈপুণ্য দেখিয়ে চেলসিকে শিরোপা জিতিয়েছেন এডেন হ্যাজার্ড। লন্ডনের ক্লাবটির হয়ে ষষ্ঠ শিরোপার স্বাদ নেয়া হ্যাজার্ড এবার জানালেন নতুন চ্যালেঞ্জের জন্য প্রস্তুত তিনি।
ক্রিশ্চিয়ানো রোনালদো গেল জুলাইতে রিয়াল মাদ্রিদ ছাড়ার পর থেকে পর্তুগিজ তারকাটির শূন্যস্থান পূরণে হ্যাজার্ডকে দলে টানার চেষ্টা করছে দলটি। গেল কিছু দিনে স্প্যানিশ ও ইংলিশ গণমাধ্যমগুলো জানিয়েছে যে, বেলজিয়ান এই খেলোয়াড়টির জন্য রিয়াল মাদ্রিদের ১১০ মিলিয়ন ইউরোর প্রস্তাব অনেক দূর গড়িয়ে গেছে। বুধবার বাকুতে ইউরোপা লিগের ফাইনাল শেষে হ্যাজার্ড জানালেন ইতোমধ্যেই সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন তিনি।
হ্যাজার্ডের ভাষায়, ‘ভবিষ্যতে কি হবে তা আমি এখনো জানি না, আমি মনে করি, কয়েকদিনের মধ্যেই আমরা একটা সিদ্ধান্তে পৌঁছাবো। শিরোপা জেতাই আমার লক্ষ্য। আমি আমার সিদ্ধান্ত ইতোমধ্যেই নিয়ে নিয়েছি, যেমনটা আমি কয়েক সপ্তাহ আগেই বলেছিলাম।’
তবে হ্যাজার্ডের মতে ক্লাবের সিদ্ধান্তও এখানে বড় ভূমিকা পালন করবে। তিনি বলেন, ‘এখন এই সিদ্ধান্তটা ক্লাবগুলোর ওপর নির্ভর করবে। দুই ক্লাবের সিদ্ধান্তের জন্যই আমি অপেক্ষা করছি, যেমনটা ভক্তরা অপেক্ষায় আছে। এ নিয়ে এখন কোনো কথা বলতে পারবো না আমি। আশা করি, আগামী মৌসুমে লিলে ও চেলসির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগে খেলতে পারবো। কয়েক দিনের মধ্যেই আপনি জানতে পারবেন।’
আর্সেনালের বিপক্ষে ম্যাচটিকেই চেলসির হয়ে নিজের শেষ ম্যাচ বলে বিশ্বাস করছেন হ্যাজার্ড। তিনি বলেন, ‘আমি মনে করি এটা বিদায়, কিন্তু ফুটবলে কি হয় আপনি কখনোই জানেন না। কয়েক দিনের মধ্যে আমরা সিদ্ধান্ত নেব। এই ফাইনাল জেতাটা আমার একমাত্র লক্ষ্য ছিল। প্রিমিয়ার লিগে খেলা আমার স্বপ্ন ছিল, আমি বিশ্বের অন্যতম বড় ক্লাবে সাত বছর ধরে এখানে খেলেছি সম্ভবত এখন নতুন একটা চ্যালেঞ্জ নেওয়ার সময়।’
২০১২ সালে লিল থেকে স্ট্যামফোর্ড ব্রিজে আসা আজার এ পর্যন্ত সব প্রতিযোগিতা মিলে চেলসির হয়ে ৩৫২ ম্যাচে করেছেন ১১০ গোল। দুইবার ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপা জয়ের পাশাপাশি জিতেছেন একটি এফএ কাপ, একটি লিগ কাপ ও একটি ইউরোপা লিগ শিরোপা।
এমন যাত্রা সম্পর্কে হ্যাজার্ড বলেন, ‘শেষ সাত বছরে আমি সবসময়ই খুশি ছিলাম । চড়াই-উতরাই ছিল কিন্তু ফুটবল খেলার তৃপ্তিটা সবসময়ই ছিল, এবং যখন আমরা শিরোপা জিতি তা সবসময়ের জন্যই ভালো হয়।’