গাংনীতে দু’গ্রুপের সংঘর্ষে আহত ১৫
প্রকাশ : ০১ আগস্ট ২০১৪, ২২:৩৬
পূর্ব শত্রুতার জের ধরে বৃহস্পতিবার রাতে মেহেরপুরের গাংনী উপজেলার চেংগাড়া গ্রামে দু’গ্রুপের সংঘর্ষে উভয়পক্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে। জানা যায়, ঈদের দিন পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে ফতাইপুর গ্রামের তাহাজ আলীর ছেলে রাজা চেংগাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে শহিদুলকে পিটিয়ে আহত করে। এ ঘটনায় চেংগাড়া পূর্ব পাড়ার লোকজন রাজার পিতা তাহাজ আলীকে অবরুদ্ধ করে রাখে। পরে পুলিশের মধ্যস্থতা উভয়পক্ষ ঘটনাটি মীমাংসা করে। এ ঘটনার পর থেকে তাহাজ গ্রুপের লোকজন চেংগাড়া পূর্বপাড়ার লোকজনকে বাজারে না আসার জন্য হুমকি দিয়ে আসছিল বলে গ্রামবাসী অভিযোগ করেন। বৃহস্পতিবার রাতে চেংগাড়া পূর্বপাড়ার সুন্নত আলীর ছেলে ইয়ামিন আলীকে চেংগাড়া বাজারে আটকিয়ে রেখে লাঞ্ছিত করে তাহাজ গ্রুপের লোকজন। আটক রাখার ঘটনাটি ছড়িয়ে পড়লে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়। তাহাজ গ্রুপের হামলায় গোলাম হোসেন, রুহুল আমিন,মিন্টু, এনামুল হকও ঝন্টু আহত হয় বলে জানা গেছে।
এদিকে ফতাইপুর গ্রামের আওয়ামী লীগ নেতা তাহাজ উদ্দীন জানান, চেংগাড়া পূর্ব পাড়ার মিন্টুসহ শতাধিক লোক তাদের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে। হামলায় আওয়ামী লীগ নেতা আব্দুল বারী, মাসুদ রানা,আলী হোসেন, কুদ্দুস আলী, আনারুল ইসলাম ও আব্দুল গনী আহত হয়।