বিভিন্নস্থানে পানিতে ডুবে ৭ জনের মৃত্যু

দেশের বিভিন্ন জায়গায় পানিতে ডুবে মৃত্যুবরণ করেছে ৭ জন। রিপোর্ট ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের। কামারখন্দে একই পরিবারের দুই শিশুর মৃত্যু সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় শিশু দুইটি পানিতে ডুবলে রাত ১১টার দিকে তাদের লাশ পাওয়া যায়। নিহত শিশুরা হলো জেলার কামারখন্দ উপজেলার ঝাঐল ইউনিয়নের কাশিয়াহাটা গ্রামের বেলাল হোসেনের শিশু কন্যা মিম খাতুন (১০) ও বেলালের ছোট ভাই জহুরুল ইসলামের শিশু কন্যা সাদিয়া খাতুন (৮)। স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, ঈদের তৃতীয় দিন বৃহস্পতিবার বিকেল থেকে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ঝাঐল ইউনিয়নের কাশিয়াহাটা গ্রামে স্থানীয়দের আয়োজনে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে যায় মিম ও সাদিয়া। সন্ধ্যার পরেও অনুষ্ঠান দেখে বাড়ি না ফেরায় তাদের পরিবারের লোকজন খুঁজতে শুরু করে। এক পর্যায়ে রাত ১১টার দিকে বাড়ির পাশের একটি পুকুর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। খোয়াই নদীতে ডুবে কিশোরের মৃত্যু হবিগঞ্জে খোয়াই নদীতে গোসল করতে নেমে এক কিশোরের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে শহরের মাছুলিয়া পয়েন্টে এ ঘটনাটি ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শহরতলীর পূর্ব মাহমুদাবাদ গ্রামের হিরাই মিয়ার ছেলে খলিল মিয়া (১৫) খোয়াই নদীতে গোসল করতে নেমে ডুবে যায়। সিলেট থেকে ডুবুরি এসে তার মৃতদেহ উদ্ধার করে। চৌদ্দগ্রামে নানার বাড়িতে পানিতে ডুবে শিশুর মৃত্যু কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়ি বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে মিনহাজ (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকালে ঘোলপাশা বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মিনহাজ চৌদ্দগ্রাম পৌরসভার রামরায় গ্রামের আবদুল করিমের পুত্র। স্থানীয়রা জানায়, ঈদ উপলক্ষে মিনহাজ নানার বাড়িতে বেড়াতে যায়। সেখানে গতকাল শুক্রবার সকালে সহপাঠীদের সাথে খেলার এক পর্যায়ে পুকুরে পড়ে যায়। অনেকক্ষণ পর মিনহাজ ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার শেষে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। নান্দাইলে নরসুন্দা নদীতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু ময়মনসিংহের নান্দাইল পৌর শহরের ওপর দিয়ে বয়ে যাওয়া নরসুন্দা নদীতে ডুবে গতকাল শুক্রবার সকালে মো. শরিফ মিয়া (১৬) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। শরিফ ঈদের ছুটিতে নান্দাইল পৌর শহরের নলুয়াপাড়া এলাকায় ভগ্নিপতি সুলতান মিয়ার বাড়িতে বেড়াতে এসেছিল। পারিবারিক সূত্রে জানা যায়, সকালে সমবয়সীদের সাথে কলাগাছের ভেলায় চড়ে নরসুন্দা নদীতে মাছ ধরতে নামে শরিফ মিয়া। কোন এক ফাঁকে ভেলা থেকে পড়ে গিয়ে পানিতে ডুবে যায়। এক ঘন্টা পর থানার ঘাট এলাকায় শরিফের মৃতদেহ খুঁজে পায় লোকজন। নিহত শরিফ ময়মনসিংহের শম্ভুগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র। নলছিটিতে পানিতে ডুবে স্কুল ছাত্রীর মৃত্যু নলছিটিতে ঈদে নানা বাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে জন্নাতি নামে এক স্কুল ছাত্রীর মর্মান্তিক মুত্যু হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার উত্তর পাওতা গ্রামে এ ঘটনা ঘটেছে। জানা গেছে, নানা বাড়ি সংলগ্ন একটি পুকুরের পাড়ে ঘুরতে গিয়ে পা ফসকে পানিতে পড়ে ডুবে যায় জান্নাতি। পরে স্বজনরা তার লাশ উদ্ধার করেন। জান্নাতি খুলনা নগরীর খালিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্রী ছিল। শ্যামনগরে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু সাতক্ষীরার শ্যামনগরে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার দুপুর ১ টায় আটুলিয়া গ্রামে। শিশুটি হলো আটুলিয়া গ্রামের শামিমের ছেলে আব্দুল্যাহ (২)। স্থানীয়রা জানান, শিশুটি সবার অজান্তে বাড়ির পুকুরে পড়ে য়ায়। খোঁজাখুঁজির এক পর্যায় পুকুর থেকে শিশুটির উদ্ধার করে শ্যামনগর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার সুজিত রায় তাকে মৃত্যু ঘোষণা করেন।