চাটমোহরে ট্রেনের ফিরতি টিকেট কালোবাজারে, দাম ৩গুণ বেশি
চাটমোহর (পাবনা) সংবাদদাতা
প্রকাশ : ০১ আগস্ট ২০১৪, ২২:৩৭
ঈদ শেষে কর্মস্থলে ফিরতে গিয়ে চরম বিড়ম্বনায় পড়েছেন চাটমোহরসহ পার্শ্ববর্তী উপজেলার মানুষ। অধিক দামে বাসের দু’চারটে টিকেট মিললেও, ট্রেনের টিকেট সোনার হরিণ। চাটমোহর ও বড়ালব্রিজ রেলস্টেশনে কোন টিকেট মিলছে না। বলা হচ্ছে অনেক আগেই টিকেট বিক্রি হয়ে গেছে। ৭ দিন পরের টিকেটও নেই। অথচ প্লাট ফরমে কালোবাজারীরা প্রকাশ্যে টিকেট বিক্রি করছে তিনগুণ দামে। চাটমাহর থেকে ঢাকায় যেতে আন্তঃনগর ট্রেনের একটি টিকেটের মূল্য ২৫০ টাকা। সেই টিকেট কালোবাজারীদের কাছ থেকে কিনতে হচ্ছে ৭শ’ টাকা দিয়ে। নিরূপায় হয়ে অনেকে তিনগুণ দামে টিকেট কিনতে বাধ্য হচ্ছেন। টিকেট কিনেও প্রচণ্ড ভিড়ের কারণে ট্রেনের মধ্যে গিয়ে নিজের আসন পর্যন্ত পৌঁছাতে পারছেন না অনেকে। এসি টিকেট ৪৫০ টাকা। সেই টিকেট নেয়া হচ্ছে এক হাজার টাকা।
গত বৃহস্পতিবার চাটমোহর রেলওয়ে স্টেশনে গিয়ে দেখা গেল কালোবাজারীরা হকারের মতো ডেকে ডেকে টিকেট বিক্রি করছে। অথচ কাউন্টারে কোন টিকেট নেই। কালোবাজারীরা জানালেন, তারা স্টেশন মাস্টার, রাজনীতিবিদ, থানাসহ বিভিন্ন স্থানে বখরা দিয়ে টিকেট বিক্রি করছে। ’
স্টেশন মাস্টার মহিবুল আলম বললেন, আমাদের ৭দিনের টিকেট বিক্রি হয়ে গেছে। কালোবাজারীতে টিকেট বিক্রি হচ্ছে বলে তিনি শুনেছেন। কালোবাজারীদের তিনি চেনেন কিন্তু কিছু করার নেই।