সারাইলে এক যুগ পর সম্মেলন ছাড়াই বিএনপির কমিটি

সম্মেলন ছাড়াই দীর্ঘ এক যুগ পর কোন্দলে জর্জরিত সরাইল উপজেলা বিএনপি’র দুই সদস্য বিশিষ্ট আংশিক কমিটি গঠন করা হয়েছে। গত ২৬ জুলাই জেলা বিএনপি’র আহবায়ক কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয় বলে জেলা বিএনপি’র সাবেক দপ্তর সম্পাদক মমিনুল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আহবায়ক ও সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচির সভাপতিত্বে ও সদস্য সচিব জহিরুল হক খোকনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট আবদুর রহমানকে সভাপতি ও মোঃ আনোয়ার হোসেন মাস্টারকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণা করা হয়। দলীয় সূত্র জানায়, ২০০৩ সালে সরাইল উপজেলা বিএনপি’র কমিটি গঠন করা হয়। দুই বছর মেয়াদের কমিটি দিয়ে চলছে সাত বছর। ২০০৯ সালে সাবেক প্রতিমন্ত্রী উকিল আবদুস সাত্তার ভুঁইয়াকে আহবায়ক করে ৪১ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করে জেলা বিএনপি। এই আহবায়ক কমিটি দিয়েই পাঁচ বছর পার করেছে সরাইল বিএনপি।