পৃথক ঘটনায় ১০ জন নিহত
প্রকাশ : ০১ আগস্ট ২০১৪, ২২:৪০
কয়েকটি পৃথক ঘটনায় ১০জন নিহত হয়েছে। নিহতদের লাশ উদ্ধার নিয়ে রিপোর্ট ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের।
ব্রাহ্মণবাড়িয়ায় গৃহবধূর লাশ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ায় পারিবারিক কলহের জের ধরে এক সন্তানের জননীকে হত্যার অভিযোগ উঠেছে।গত বৃহস্পতিবার সন্ধায় ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার কলেজ পাড়ায় এ ঘটনা ঘটে। গৃহবধূর নাম শারমিন আকতার(২২)। সে পার্শ্ববর্তী শিমরাইলকান্দি এলাকার আবদুল জলিলের কন্যা।
কিশোরগঞ্জে ছুরিকাঘাতে বড় ভাই খুন
কিশোরগঞ্জ শহরের শোলাকিয়া ঈদগাহ রোডে বৃহস্পতিবার রাতে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই শরীফ মোহাম্মদ আবদুল্লাহ(৩৯) খুন হয়েছে। পুলিশ ঘাতক শরীফ নাছরুল্লাহকে(৩৭) আটক করেছে। পুলিশ জানায়, রাত পৌণে ১১টার দিকে বাসার ছাদে শরীফ নাছরুল্লাহ তরকারি কাটার ছুরি দিয়ে তার বড় ভাই শরীফ আবদুল্লাহর বুকে এলোপাতাড়িভাবে ছুরিকাঘাত করে।
নান্দাইলে সংঘর্ষে যুবক নিহত
ময়মনসিংহের নান্দাইল উপজেলার রিয়ারা গ্রামে ঝগড়ার এক পর্যায়ে লাঠির আঘাতে গুরুতর আহত মো. জাকারিয়া (২০) চিকিত্সাধীন অবস্থায় গত বৃহস্পতিবার রাতে মারা গেছে। নিহত তরুণ উপজেলার গাঙ্গাইল ইউনিয়নের বিয়ারা গ্রামের মো. আলাউদ্দিনের পুত্র।
বসতবাড়ির সীমানায় গাছের চারা রোপণ করার সময় আলাউদ্দিনের সাথে তাঁর অন্য ভাইদের ঝগড়া বাধে। এ সময় দুই পক্ষ লাঠিসোঁটা নিয়ে একে অপরের বিরুদ্ধে মারামারিতে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে জাকারিয়া ঘটনাস্থলে গিয়ে বাবাকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের লাঠির আঘাতে গুরুতর আহত হয়। প্রথমে তাঁকে কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতাল ও পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
মুন্সীগঞ্জে অজ্ঞাত লাশ উদ্ধার
মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া মহাসড়কের শ্রীনগর উপজেলার সমষপুর এলাকা থেকে অজ্ঞাত (৪৫) এক ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ। শুক্রবার বেলা ১১ টার দিকে উপজেলার কোলাপাড়া ইউনিয়নের পূর্ব সমষপুর রাস্তার পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। শ্রীনগর থানার এস আই মোস্তাফিজুর রহমান জানান, স্থানীয় লোকজন রাস্তার পাশে লাশটি পড়ে থাকতে দেখে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। তবে লাশের কোন পরিচয় এখনও পাওয়া যায়নি। অজ্ঞাত ওই ব্যক্তির গায়ে কোন জামা ছিল না। পরনে ছিলো লুঙ্গি।
গফরগাঁওয়ে অজ্ঞাত যুবকের বস্তাবন্দী লাশ উদ্ধার
গতকাল শুক্রবার সকালে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার মুখী গ্রামের একটি বিল থেকে অজ্ঞাতনামা যুবকের(৩২)বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। এলাকাবাসী ও থানা সূত্রে জানা গেছে, উপজেলার মাইজবাড়ি-বিরুনিয়া সড়কের পাশে মুখী গ্রামের কাজলা বিল এলাকায় বস্তাবন্দী লাশটি পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। মৃত ব্যক্তির দুই হাত শিকল দিয়ে বাঁধা ছিল এবং শিকলে তালা মারা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল।
ক্ষেতলালে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার একটি নালা থেকে অজ্ঞাত(২৪) এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় ক্ষেতলাল উপজেলার গোতাশহর গ্রামের রজব আলীর পুকুরের পাশে একটি নালায় এক যুবকের মৃত দেহ দেখতে পেয়ে থানায় খবর দিলে রাতে পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। অজ্ঞাত যুবকের পরনে ছিল জিন্সের প্যান্ট, গায়ে ছিল প্রিন্টের শার্ট। পুলিশের ধারণা, ঐ যুবককে ৩/৪ দিন আগে হত্যা করে ফেলে রাখা হয়েছে। মৃত দেহের মুখ মণ্ডল বিকৃতি হয়ে গেছে।
বড়াইগ্রামে শ্বশুরবাড়ি থেকে জামাইয়ের লাশ উদ্ধার
নাটোরের বড়াইগ্রাম ও চাটমোহর উপজেলার সীমান্তে চড়ুইকোল গ্রামে শুক্রবার ভোররাতে শ্বশুরবাড়ি থেকে স্কুল শিক্ষক জামাই সানোয়ার হোসেন খোকনের (৩৫) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত সানোয়ার বড়াইগ্রামের জোনাইল ইউনিয়নের দীঘইর গ্রামের ইয়ারুল ইসলাম মাষ্টারের ছেলে ও জোনাইল এমএল উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের শিক্ষক।
প্রায় ১২ বছর আগে খোকন চড়ুইকোল গ্রামের কফিল উদ্দিনের মেয়ে আল্পনা খাতুনকে (২৮) ভালোবেসে বিয়ে করেন। বৃহস্পতিবার বিকালে তিনি ঈদের দাওয়াত খেতে শ্বশুরবাড়ি যান। রাতে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিষয় নিয়ে বেশ ঝগড়া হয়। পরে ভোরে ঘুম থেকে উঠে আল্পনা তাদের শোবার ঘরের আড়ার সঙ্গে তার স্বামীর ঝুলন্ত লাশ দেখতে পান।
নওগাঁয় পৃথক ঘটনায় তিন জনের মৃত্যু
নওগাঁয় পৃথক ঘটনায় তিন জন মারা গেছে। গতকাল শুক্রবার শহরের হাজিপাড়া মহল্লার নির্মাণাধীন বিল্ডিং থেকে শাকিল আহাম্মেদ নামে এক কিশোরের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শাকিল হাজিপাড়া মহল্লার রাজমিস্ত্রী মোমিনের ছেলে।
অপরদিকে শহরের আলুপট্টি মহল্লায় বিয়ের দাওয়াত খেতে এসে পার্থ নামে এক কিশোর ছোট যমুনা নদীতে গোসল করতে নেমে মারা গেছে। পার্থ আলুপট্টি মহল্লার পিন্টু সাহার ছেলে। পার্থের পরিবার জানায়, সকাল ১১টার দিকে পাড়ার অন্য ছেলেদের সাথে নদীতে গোসল করতে যায়। এক পর্যায়ে গভীর পানিতে ডুবে যায় পার্থ। পরে স্থানীয়রা তার মৃতদেহ উদ্ধার করে।
অন্য ঘটনায় নওগাঁ সদর উপজেলার গোয়ালী গ্রামে আজাহার আলী নামে এক কাঠ মিস্ত্রী মদপানে মারা গেছে। আজাহার আলী ওই গ্রামের মৃত মংলা প্রামাণিকের ছেলে। জানা গেছে, বুধবার রাতে মদপান করলে রাতে অসুস্থ হয়ে পড়ে। বৃহস্পতিবার সকালে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করার পর তার মৃত্যু হয়।