বিশ্বকাপে ‘আন্ডারডগ’ তকমা নিউজিল্যান্ডের জন্য ভালো বলেই মনে করেন দেশটির সাবেক অলরাউন্ডার জেমস ফ্রাঙ্কলিন। গত বিশ্বকাপে ফাইনালে খেলেছিল নিউজিল্যান্ড। সাতবার বিশ্বকাপের সেমিফাইনালেও খেলেছে কিউইরা। ফ্রাঙ্কলিন এ সম্পর্কে বলেছেন, ‘নিউজিল্যান্ড মধুর জায়গায় আছে। কেউ আমাদের নিয়ে খুব বেশি কথা বলে না। আমরা সবসময় আন্ডারডগ এবং এটা আমাদের সঙ্গে খুব ভালো মানায়।’ ২০১৫ বিশ্বকাপেও নিউজিল্যান্ডের হয়ে খেলেছিলেন ফ্রাঙ্কলিন। বুধবার বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে এমনটা বলেছেন তিনি।
ফ্রাঙ্কলিন আরও বলেছেন, ‘আমরা কখনোই বিশ্বের (র্যাংকিং) শীর্ষে ছিলাম না। আমার মনে হয়, ইংল্যান্ড সম্প্রতি অনেক এগিয়ে এসেছে। কিন্তু আমরা এখনও খুব ধারাবাহিক ক্রিকেট খেলছি।
ঘরের মাঠে বাংলাদেশকে ৩-০ তে হারিয়ে বিশ্বকাপে এসেছে নিউজিল্যান্ড। প্রস্তুতি ম্যাচে শক্তিশালী ভারতকেও হারিয়েছে কেন উইলিয়ামসনের দল। নিউজিল্যান্ডও বিশ্বকাপ জিততে পারে উল্লেখ করে ফ্রাঙ্কলিন বলেছেন, ‘যদি আগামী কয়েক সপ্তাহ আমরা ফর্মটা ধরে রাখতে পারি, তাহলে নিউজিল্যান্ডের বিশ্বকাপ না জেতার কোনো কারণ নেই।’ নিউজিল্যান্ড দল ও দেশটির মানুষ আশাবাদী এবার টুর্নামেন্টের শেষ প্রান্ত অব্দি লড়বে রস টেইলর-উইলিয়ামসনরা।