সুন্দরবনে দারোগা বাহিনীর সাথে বন্দুকযুদ্ধ, ট্রলার উদ্ধার

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দরজারখাল এলাকায় বনদস্যু দারোগা বাহিনীর সাথে কোস্টগার্ডের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। এ সময় কোস্টগার্ড সদস্যরা দস্যুদের ব্যবহূত একটি ফিসিং ট্রলার উদ্ধার করে। তবে কেউ হতাহত হয়েছে কিনা তা জানা যায়নি। কোস্টগার্ড সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার বিকেলে দস্যুদের অবস্থান জানতে পেরে পাথরঘাটা, সুপাতি ও কচিখালী স্টেশনের কোস্টগার্ড সদস্যরা যৌথভাবে নারিকেলবাড়িয়ার নিকটবর্তী দরজারখাল এলাকায় অভিযান চালায়। এ সময় উভয় পক্ষের মধ্যে শতাধিক রাউন্ড গুলি বিনিময় হয়। এক পর্যায়ে দস্যুরা পরাস্ত হয়ে গভীর বনে পালিয়ে গেলে তাদের ব্যবহূত আল্লারদান-১ নামের ট্রলারটি উদ্ধার করা হয় বলে পাথরঘাটা স্টেশন কর্মকর্তা লে. এম আরিফ হোসেন জানান।