বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ৯ জন নিহত
প্রকাশ : ০১ আগস্ট ২০১৪, ২২:৪১
দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে ৯ জন। রিপোর্ট ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের।
কুমিল্লায় বাস দুর্ঘটনায় নিহত ২
কুমিল্লায় পিকনিকের বাস উল্টে চাঁন মিয়া (৪২) নামে ওই বাসের চালক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন ওই বাসের আরো কমপক্ষে ৩০ জন যাত্রী। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাসের চালক চাঁন মিয়া মানিকগঞ্জ জেলার নগরকান্দার পাঁচকান্দি গ্রামের মৃত আবদুল মজিদ মোল্লার পুত্র।
অন্যদিকে গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের জেলার দেবীদ্বার উপজেলার চরবাকর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতের পরিচয় জানা যায়নি।
ময়নামতি হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দেবীদ্বারের চরবাকর এলাকায় কুমিল্লাগামী যাত্রীবাহী জনতা সুপার নামে একটি বাসের সঙ্গে নেত্রকোনাগামী একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজন পুরুষ যাত্রীর মৃত্যু হয়। এসময় উভয় বাসের কমপক্ষে ১৫ জন যাত্রী আহত হয়। আহতদের উদ্ধার করে দেবীদ্বার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পাঁচবিবিতে মোটর সাইকেল আরোহী নিহত
জয়পুরহাটের পাঁচবিবিতে এক সড়ক দুর্ঘটনায় আলমগীর নামে এক যুবক নিহত হয়েছে। পুলিশ জানায়, আজ শুক্রবার সকালে উপজেলার পাঁচবিবি -গোবিন্দগঞ্জ রাস্তার শলাইপুর নামক স্থানে দ্রুতগামী একটি মোটর সাইকেল রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই আলমগীর নামে এক যুবক নিহত হয়। নিহত আলমগীরের বাড়ি নওগাঁ জেলার বদলগাছী উপজেলার ঐতিহাসিক পাহাড়পুর মালঞ্চা গ্রামে বলে জানা গেছে।
মোহনগঞ্জে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু
নেত্রকোনা মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনের সন্নিকটে গত বৃহস্পতিবার রাতে জালাল উদ্দিন (৬৫) নামের এক বৃদ্ধ ট্রেনে কাটা পড়ে নিহত হন। তিনি মোহনগঞ্জ পৌরসভার টেংগাপাড়া গ্রামের বাসিন্দা। জানা গেছে ঐ বৃদ্ধ মেয়ের বাড়ি শ্যামগঞ্জ থেকে বাড়ি ফেরার পথে নামার সময় ট্রেনে কাটা পড়ে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়।
কাউখালীতে মাদরাসা ছাত্রী নিহত
পিরোজপুরের কাউখালীতে ঢাকাগামী পরিবহন বাসের চাপায় বিউটি আক্তার (১২)নামে এক মাদরাসা ছাত্রী নিহত হয়েছে। গতকাল শুক্রবার কাউখালী-ঝালকাঠি আঞ্চলিক সড়কের বাশুরি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাদরাসা ছাত্রী বিউটি কাউখালী সদর ইউনিয়নের চরবাশুরি গ্রামের কৃষক হারুন হাওলাদারের মেয়ে। সে কাউখালী শহরের ইসলামী কমপ্লেক্স আলিম মাদরাসার চতুর্থ শ্রেণির ছাত্রী।
ভাঙ্গায় বাস-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ১, আহত ৫
ফরিদপুরের ভাঙ্গা-কাওড়াকান্দি বিশ্বরোডের কলাতলা নামক স্থানে গতকাল শুক্রবার দুপুরে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ঢাকার লিবার্টি ও অভিলাষ সু কোম্পানির মালিক মোঃ ইউনুছ(৫০) মারা যায়। দুর্ঘটনায় কমপক্ষে ৫ জন গুরুতর আহত হয়, নিহত ও আহতরা সকলেই মাইক্রোবাসের যাত্রী ছিল। আহতদের ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহরিয়ার কবির জানায়, মাদারীপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা চন্দ্রা পরিবহন দুর্ঘটনাস্থলে আসলে বিপরীত দিক কাওড়াকান্দি থেকে যাত্রী বোঝাই মাইক্রোবাসের সংঘর্ষ হয়। আহতরা হলো সুজন(৩৫), সালমান(২৬), ফাতিহা আক্তার(৫)।
ভালুকায় বাস চাপায় কলেজ ছাত্রী নিহত
ময়মনসিংহের ভালুকায় শুক্রবার দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার মাস্টারবাড়ি এলাকায় বাস চাপায় ফরিদা পারভীন স্বর্ণা (১৮) নামে এক কলেজ ছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ সময় তার বন্ধু বায়েজিদ (২০)আহত হয়েছে । নিহত কলেজ ছাত্রী স্বর্ণা ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার আছিম ভবানীপুর গ্রামের আব্দুল করিমের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মিরপুর বাংলা কলেজের দ্বিতীয় বিভাগের ছাত্রী ফরিদা পারভীন স্বর্ণা (১৮) তার বন্ধু সাউথ এশিয়া ইউনিভার্সিটির ছাত্র বায়েজিদকে নিয়ে শুক্রবার দুপুরে উপজেলার মাস্টারবাড়ি তেপান্তর স্যুটিং স্পটে ঘুরতে আসে। রাস্তা পারাপারের সময় ঢাকাগামী অজ্ঞাত যাত্রীবাহী বাস চাপা দিলে ঘটনাস্থলেই স্বর্ণা মারা যান। এ সময় তার বন্ধু বায়েজিদ আহত হন। বায়েজিদকে প্রাথমিক চিকিত্সার পর ভরাডোবা হাইওয়ে পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদের জন্য ভালুকা মডেল থানায় সোপর্দ করেছে। আহত বায়েজিদ একই এলাকার আব্দুল জব্বারের পুত্র।
সারিয়াকান্দিতে মোটর সাইকেল আরোহী নিহত
বগুড়ার সারিয়াকান্দিতে সড়ক দুর্ঘটনায় লিটন আকন্দ (৩০) নামে এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে গত বৃহস্পতিবার রাতে বগুড়া-সারিয়াকান্দি সড়কের আমতলী ফায়ার সার্ভিসের নিকট এ ঘটনা ঘটে । লিটন নারচি ইউনিয়নের চর হরিনা গ্রামের হাজী আছালত জামান আকন্দের ছেলে ।
শ্যামনগরে বাসের ধাক্কায় ভ্যান চালকের মৃত্যু
সাতক্ষীরার শ্যামনগরে বাস ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ভ্যান চালকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে ইসমাইলপুর পেঙ্গুইন ফিস প্রসেসিং-এর পার্শ্বে। স্থানীয়রা জানান গত বৃহস্পতিবার সন্ধ্যা ৮ টায় শ্যামনগর থেকে বংশীপুর যাওয়া জন্য ছেড়ে আসা বাসটি ইসমাইলপুর পেঙ্গুইন ফিসের পার্শ্বে বিপরীত দিক থেকে আসা ভ্যানটিকে চাপা দিলে ভ্যান চালক সিটকে পড়ে গুরুতর আহত হয়। আহত ভ্যান চালক ঈশ্বরীপুর ইউনিয়নের খাগড়াঘাট গ্রামের অসিম সরকারের ছেলে মিলন (২২)। স্থানীয়রা আহত ভ্যান চালক মিলনকে শ্যামনগর হাসপাতালে নিয়ে ভর্তি করে। কিছুক্ষণ পর চিকিত্সাধীন অবস্থায় সে মারা যায়। নিহতের লাশ সাতক্ষীরার মর্গে প্রেরণ করা হয়েছে।