দিনাজপুর কান্তজিউর মন্দিরের রাস্তা কেটে জমি তৈরি
স্টাফ রিপোর্টার, দিনাজপুর
প্রকাশ : ০১ আগস্ট ২০১৪, ২২:৪১
দিনাজপুর ঐতিহাসিক কান্তজিউ মন্দির সংলগ্ন উত্তর অংশের প্রায় অর্ধশত বছরের পুরাতন মাটির রাস্তাটি কেটে জমি তৈরি করেছে একটি প্রভাবশালী মহল। রাস্তাটি বিলীন করে দেয়াতে হিন্দু সম্প্রদায়সহ ওই এলাকার সব ধর্মের মানুষ ক্ষুব্ধ। রাস্তাটি পুনরুদ্ধারের জন্য এলাকার মানুষ প্রশাসনের কঠোর হস্তক্ষেপ চেয়েছে।
প্রতি বছরে কয়েকটি বিশেষ দিনে কান্তজিউ মন্দিরে আগত শত শত পূর্ণার্থী এই রাস্তা দিয়ে পুনর্ভবা নদীতে স্নান করে আবার মন্দিরে ফিরে আসে। প্রায় অর্ধশত বছর ধরে এই রাস্তাটি ব্যবহূত হয়ে আসছে। সম্প্রতি হঠাত্ করে একই এলাকার প্রভাবশালী মোজাম্মেল ও জহির আলী রাস্তাটি রাতারাতি কেটে চাষযোগ্য জমি তৈরি করে দখলে নিয়েছে। এতে বিলীন হয়ে গেছে পুরাতন এই রাস্তাটি।
রাস্তা বিলীন হয়ে যাওয়ায় পুনর্ভবা নদীর বালুমহাল ইজারাদারও বালু উত্তোলন করতে পারছে না। এতে মন্দির সংলগ্ন রেষ্টহাউজসহ বিভিন্ন প্রতিষ্ঠান নির্মাণ কাজে বালু সরবরাহ ব্যাহত হচ্ছে। এর আগে গত ৯ জুলাই রাস্তাটির বিষয়ে বালুমহাল ইজারাদার দিনাজপুর জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। জেলা প্রশাসক রাস্তা কাটার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাসও দিয়েছেন। সর্বশেষ খবরে জানা গেছে জেলা প্রশাসক রিপোর্ট লেখা পর্যন্ত কোন পদক্ষেপ নেননি।