মদন-নেত্রকোনা সড়কে যাত্রী দুর্ভোগ চরমে

মদন-নেত্রকোনা ৩০ কি. মি. সড়কের তেলিগাতী বাজার হতে মদন পর্যন্ত ১২ কি. মি. সড়কের সংস্কার কাজ না হওয়ায় সড়কটি খানাখন্দকে পরিণত হয়ে পথচারীসহ যাত্রী সাধারণ চরম দুর্ভোগ পোহাচ্ছে। ঠিকাদার সামান্য কাজ করেই সংস্কার কাজ বন্ধ করে দেয়ায় বর্ষার প্রবল বৃষ্টিতে সড়কের ইট-সুড়কি উঠে বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় প্রতিদিন অর্ধ-শতাধিক বাস যাত্রী ঝুঁকি নিয়ে যাতায়াত করছে। এ সড়কের টেংগা, কেশজানী, জয়পাশা, মৈধাম মাদ্রাসা, আলম বাজার, কোর্ট বিল্ডিং এলাকা এবং শহীদ কদ্দুস মগড়া সেতুর পূর্ব ও পশ্চিম পার্শ্বে বড় গর্তের সৃষ্টি হয়েছে। জাহাঙ্গীরপুর গ্রামের বাসযাত্রী জাহিদ হাসান খান জানান, ভাটি অঞ্চলের লোকজনের জীবন মান উন্নয়নের একমাত্র এ সড়কটির দ্রুত সংস্কার কাজ সম্পন্ন করা না হলে যে কোন মুহূর্তে ভয়াবহ দুর্ঘটনাসহ যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়বে। বাসচালক আব্দুল খালেক জানান, এ সড়কে একবার গাড়ী নিয়ে আসলে পরবর্তীতে কেউ আসতে চায় না। গাড়ীর মালিকও ভাঙ্গা রাস্তায় গাড়ী ট্রিপ দিতে চায় না। মদন ইউএনও মো. আবুল কালাম আজাদ জানান, দুর্ভোগ লাগবের লক্ষ্য সড়কটি সংস্কারের ব্যাপারে জেলা সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলীর সাথে একাধিকবার বৈঠক হয়েছে। জেলা সওজ এর নির্বাহী প্রকৌশলী মো. মাসুদ খান জানান, এই সড়কটি সংস্কারের জন্য মেজর প্রকল্পের অন্তর্ভুক্ত করা হয়েছে। শীঘ্রই দরপত্র আহ্বান করা হবে।