হারিয়ে যাচ্ছে পল্লীর রসালো ফল
সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা
প্রকাশ : ০১ আগস্ট ২০১৪, ২২:৪৩
নীলফামারীতে হারিয়ে যাচ্ছে পল্লীর চিরচেনা রসালো ফল। পল্লী গাঁয়ের চিরচেনা কেবল, ডেউয়া, করমচা, কামরাঙা, লটকন, চালতা, তেঁতুল, বিলেতি গাব, বেতফল, খেজুর, জামরুল, জাম, বেল, আমড়া, জলপাই, বাতাবি লেবু, গোলাপজাম, আতা, তাল, কাঠ বাদামসহ বিভিন্ন প্রকারের অসংখ্য ফল আজ হারিয়ে যেতে বসেছে। পল্লী গায়ের ঝোপ-ঝাড় কেটে ফেলায় আগামী ১০ বছরের মধ্যে চিরচেনা এসব ফলের দেখা আর কোনদিন মিলবে না বলে অনেকের আশংকা। ঝোপ-ঝাড়ের এসব ফলের চারা সাধারণত মানুষ পরিকল্পিতভাবে রোপণ করেন না। বাড়ির কোণে কিংবা ঝোপ-ঝাড়ের মধ্যে মাঠে অথবা ক্ষেতের আইলের কোথাও প্রকৃতির নিয়মে কিংবা পশুপাখির বিষ্ঠায় বীজবাহিত হয়ে এসব ফলের গাছ জন্মায়। পরবর্তীতে এসব গাছের ফল আমাদের রসনার স্বাদ যোগায়। ব্যবসায়ীরা জানান, চিরচেনা কেবল, ডেউয়া, বিলেতি গাব, বেতফল, খেজুরসহ রসালো ফল আর পাওয়া যায় না।