ক্রিকেট দুনিয়ায় ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার প্রতিদ্বন্দ্বিতা বহু কালের। বিশ্বকাপের আগে সেটি যেন আবারও স্মরণ করিয়ে দিলেন প্রিন্স হ্যারি। অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চকে পেয়ে হালকা স্লেজিং করে বসেন সাসেক্সের রাজা প্রিন্স হ্যারি।
বাকিংহাম প্যালেসে রানী এলিজাবেথ টু’র সঙ্গে বিশ্বকাপের অধিনায়কদের সাক্ষাতের অনুষ্ঠানে গত বুধবার ফিঞ্চকে যুবরাজ হ্যারি বলেছেন, ‘তুমি তো অনেক দিন খেলছো, তাই না? আর কতদিন খেলবে?’
৩২ বছর বয়সী অস্ট্রেলিয়ান অধিনায়ক ফিঞ্চ যুবরাজের খোঁজাকে রসিকতার ছলেই নিয়েছেন। প্রতি উত্তরে ফিঞ্চ বলেছেন, সর্বোচ্চ পর্যায়ে তিনি আট বছর ধরে খেলছেন। তবে শেষ অব্দি ফিঞ্চ ঠিকই যুবরাজকে খুশি করেছেন। যুবরাজের বিশ্বকাপ ফেভারিটের প্রশ্নে অজি অধিনায়ক ইংল্যান্ড ও ভারতকেই এগিয়ে রেখেছিলেন। ফিঞ্চের অধীনে অস্ট্রেলিয়া ১৭টি ওয়ানডে খেলেছে। জিতেছে নয়টি এবং হেরেছে আটটি ম্যাচ। গত বছরের অক্টোবরে টিম পেইনকে সরিয়ে তাকে নেতৃত্ব দিয়েছিল অস্ট্রেলিয়া। ফিঞ্চের পর একই অনুষ্ঠানে শ্রীলঙ্কার অধিনায়ক দিমুথ করুনারত্নেকে যুবরাজ হ্যারি বলেছেন, ‘খেলাটি উপভোগ করো, আর যদি তুমি উপভোগ করতে না পারো তাহলে হয়তো এখানে থাকতে পারবে না।’