পরিত্যক্ত অবস্থায় চাঁপাইনবাবগঞ্জ ট্রাক টার্মিনাল
প্রকাশ : ০১ আগস্ট ২০১৪, ২২:৪৪
চাঁপাইনবাবগঞ্জ কেন্দ্রীয় ট্রাক টার্মিনালটি নির্মাণের ৭ বছর পেরিয়ে গেলেও আজও পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। কয়েকবার ঢাকঢোল পিটিয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলেও চালু হয়নি এই টার্মিনালটি।
এদিকে টার্মিনালটি চালু না হওয়ায় গোটা চাঁপাইনবাবগঞ্জ শহর পরিণত হয়েছে ট্রাক টার্মিনালে। মহানন্দা বাস টার্মিনাল এলাকা থেকে বিশ্বরোড মোড়-শ্রমিকভবন-সিসিডিবি এলাকায় যেখানে-সেখানে ট্রাক পার্কিং করায় প্রতিনিয়ত যানজট লেগে থাকছে। ট্রাক মালিক সমিতি ও মোটর শ্রমিক ইউনিয়নের মনোযোগ না থাকা এবং টার্মিনাল এলাকায় চালক ও হেলপারদের জন্য সুযোগ-সুবিধা না থাকায় টার্মিনালটি তারা ব্যবহার করছে না। প্রাচীর নাই, পানীয়জলের ব্যবস্থা নাই। হোটেল রেস্টুরেন্ট নাই। ২০০৮ সালের ২৭ ফেব্রুয়ারি চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার দ্বারিয়াপুর মৌজায় চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কের পার্শ্বে দাতাসংস্থা এশীয় উন্নয়ন ব্যাংক ও বাংলাদেশ সরকারের অর্থায়নে নির্মিত এই টার্মিনালে ব্যয় হয় ১ কোটি ৯১ লাখ ৪ হাজার ১৪০ টাকা। জমির পরিমাণ ৩ দশমিক ১৫ একর।