সাতক্ষীরায় পুলিশের থেকে আসামি ছিনতাই করেছে জামায়াত বিএনপি

সাতক্ষীরায় গ্রেফতারের পর পুলিশের কাছ থেকে একাধিক মামলার এক পলাতক আসামিকে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় সদর উপজেলার ঝাউডাঙ্গা বাজার এলাকায় পুলিশের কাছ থেকে জামায়াত বিএনপির কর্মীরা আক্তারুজ্জামান বাপ্পি (২৫) নামের ঐ যুবদল নেতাকে ছিনতাই করে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সাতক্ষীরা সদর থানা পুলিশ সন্ধ্যায় সদর উপজেলার ঝাউডাঙ্গা বাজারের পাশে রাস্তার উপর থেকে একাধিক মামলার পলাতক আসামি আক্তারুজ্জামানকে গ্রেফতার করে। তাকে গ্রেফতারের পর পরই জামায়াত-বিএনপির কর্মীরা পুলিশের কাছ থেকে তাকে ছাড়িয়ে নেয়ার চেষ্টা করে। ধস্তাধস্তির একপর্যায়ে তারা পুলিশের কাছ থেকে বাপ্পিকে জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যায়। আক্তারুজ্জামান সাতক্ষীরা সদর উপজেলার গোবিন্দকাটি গ্রামের শেখ রুস্তম আলীর ছেলে। সে ঝাউডাঙ্গা ইউনিয়ন যুবদলের যুগ্ম সম্পাদক। এসআই বিধান চন্দ্র জানান, বাপ্পির নামে তার কাছে একটি মামলার গ্রেফতারি পরোয়ানা ছিল। ঝাউডাঙ্গা বাজার থেকে তাকে গ্রেফতারের চেষ্টা করলে সে দৌড়ে পালিয়ে যায়। ছিনিয়ে নেয়ার ঘটনা সঠিক নয়। তাকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।