লৌহজংয়ে যুবলীগ নেতাকে ছুরিকাঘাত সড়ক অবরোধ
প্রকাশ : ০১ আগস্ট ২০১৪, ২২:৫৭
মুন্সীগঞ্জের লৌহজংয়ে যুবলীগ কর্মীকে কুপিয়ে আহত করায় উপজেলার প্রধান রাস্তা মাওয়া-লৌহজং সড়ক অবরোধ করে স্থানীয় এলাকাবাসী। গতকাল শুক্রবার বেলা ১০টা থেকে ১১টা পর্যন্ত ঘণ্টাব্যাপী এ অবরোধ চলাকালে বিক্ষুব্ধ এলাকাবাসী টায়ার জ্বালিয়ে সড়কে ভীতির সৃষ্টি করে। এসময় ব্যস্ততম এ রাস্তায় যানবাহন চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টি হওয়ায় বিড়ম্বনায় পড়েন যানবাহনের যাত্রীসহ পথচারী। পরে পুলিশ ও স্থানীয় আওয়ামী লীগ নেতাদের হস্তক্ষেপে অবরোধ তুলে নেয় বিক্ষুব্ধ জনতা।
লৌহজং থানার সেকেন্ড অফিসার এসআই জুলহাস জানান, বৃহস্পতিবার রাত ১০টার দিকে মর্শদগাও ওয়ার্ডের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তুষার গল্প করার কথা বলে যুবলীগ কর্মী রাজিবকে মোবাইলে ডেকে আনেন। রাজিব ঘর থেকে বের হয়ে বাড়ির পাশের রাস্তায় আসেন। এসময় কিছু বোঝার আগেই পিছন দিক থেকে তুষারের লোকজন ধারালো ছোরা দিয়ে কুপিয়ে গুরুত্বর আহত করে রাজিবসহ আরো ৩ জনকে। গুরুতর আহত রাজিবকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই বিষয়ে রাজিবের বাবা বাদল খান বাদি হয়ে ১২ জনের বিরুদ্ধে লৌহজং থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। পুলিশ মিরাজ মৃধা (২৮), উজ্জল খান (২৬), বাচ্চু খান (২৪), মোশারফ হোসেনকে (৬২) ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করেছে।
স্থানীয় একটি সূত্র জানায়, রাজিব ও তুষারের মধ্যে মাসাধিককাল আগে অবৈধ টাকার ভাগাভাগি নিয়ে কথাকাটাকাটি ও মনমালিন্য হয়। এরই জের ধরে এ ঘটনার সূত্রপাত।