ভ্যান চুরির অভিযোগে যুবককে গাছে বেঁধে নির্যাতন
প্রকাশ : ০১ আগস্ট ২০১৪, ২৩:০০
রাজশাহীর বাঘায় ভ্যান চুরির দায়ে এক যুবককে দুই দিন যাবত্ গাছের সাথে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। তবে নির্যাতন ও মারপিটের বিষয়টি অস্বীকার করেছেন ভ্যান মালিক।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার আড়ানী পৌরসভার পিয়াদাপাড়ার আশকান আলীর ভ্যান চুরি হয়। ভ্যান চুরির সন্দেহে ঐ দিন আড়ানী বাজার থেকে একই গ্রামের আফতাফ আলীর ছেলে রিপন আলীকে (২৩) ধরে আনা হয়। গাছের সাথে বেঁধে নির্যাতনের একপর্যায়ে ভ্যান চুরির বিষয়টি রিপন স্বীকার করে। রিপন জানায়, ভ্যানটি ২ হাজার ৭০০ টাকায় বিক্রির পর ৭০০ টাকা দিয়ে সে গাঁজা ও হেরোইন কিনে সেবন করে।
রিপনের মা সাগরী বেগম ছেলেকে উদ্ধারের জন্য বিভিন্ন জনপ্রতিনিধি ও এলাকার বিভিন্ন মানুষের কাছে গিয়েও গতকাল শুক্রবার বিকেল ৪টা পর্যন্ত উদ্ধার করতে পারেনি। তিনি অভিযোগ করেন, তার ছেলেকে ভ্যান চুরির অপবাদ দিয়ে বাজার থেকে ধরে নিয়ে দুই দিন যাবত্ অমানবিক নির্যাতন করে স্বীকারোক্তি আদায় করা হয়েছে। এছাড়া ছেলের কাছে থাকা ২ হাজার ৩০০ টাকা তারা ছিনিয়ে নিয়েছে।
ভ্যান মালিক আশকান আলী নির্যাতন ও মারপিটের বিষয়টি অস্বীকার করে জানান, তাকে চুরির দায়ে বাজার থেকে ধরে এনে গাছের সাথে বেঁধে রাখা হয়েছে। তার পরিবার থেকে কেউ আসেনি। আড়ানী পৌর প্যানেল মেয়র মুক্তার আলী বলেন, তাকে ধরে নিয়ে যাওয়ার পরপর আমার কাছে তার মা এসেছিল। তবে ভ্যান মালিকের পক্ষ থেকে কেউ আসেনি। তাই বিষয়টি স্থানীয়ভাবে সমাধান করা সম্ভব হয়নি। বাঘা থানার ওসি আমিনুর রহমান বলেন, বিষয়টি আমাকে কেউ জানায় নি। জানালে আইনগত ব্যবস্থা নেয়া হবে।