তসলিমার পাশে ভারতের প্রেস কাউন্সিলের চেয়ারপারসন
প্রকাশ : ০১ আগস্ট ২০১৪, ২৩:০২
বাংলাদেশের আলোচিত লেখিকা তসলিমা নাসরিনকে ভারতে বসবাসের জন্য স্থায়ী (পার্মানেন্ট) ভিসা দেয়ার আহবান জানিয়েছেন দেশটির প্রেস কাউন্সিলের চেয়ারপারসন বিচারপতি মারকান্দেই কাতজু। গত বৃহস্পতিবার ভারত সরকার তসলিমা নাসরিনের রেসিডেন্ট পারমিট বাতিল করার পর এক বিবৃতিতে তিনি এ আহবান জানিয়েছেন। খবর পিটিআইয়ের।
বিবৃতিতে তিনি বলেন, তসলিমা নাসরিনের ভিসার মেয়াদ দুই মাস বৃদ্ধি করা হয়েছে বলে গণমাধ্যমের খবরে জেনেছি। আমার অভিমত হলো তাকে ভারতে থাকার জন্য পার্মানেন্ট ভিসা দেয়া হোক। ভারতের সুপ্রিম কোর্টের সাবেক এই বিচারপতি বলেন, তসলিমা নাসরিনের বই লজ্জা লেখার পর কিছু গোড়ামির জন্য তাকে হয়রানি করা হচ্ছে। আমি তার লেখা বইটি পড়েছি। বাবরি মসজিদ ভাঙার পর বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপর নানা নির্যাতনের বিষয়টি তার বইয়ে উঠে এসেছে। এই বইতে ইসলামবিরোধী কিছু নেই। গোড়ামির জন্য কয়েক বছর ধরে তাকে হেনস্থা করা হচ্ছে। মূলত মুসলিমদের ভোট হারানোর ভীতি থেকেই এটা হচ্ছে। এসব বন্ধ করার সময় এসেছে।
উল্লেখ্য, ২০০৪ সালের আগ পর্যন্ত তসলিমা টুরিস্ট ভিসা নিয়ে ভারতে থাকতেন। পরে তাকে রেসিডেন্ট পারমিট দেয়া হয়। প্রথমে ছয় মাসের এবং পরবর্তী সময় এক বছর করে এ পারমিট দেয়া হতো। বৃহস্পতিবার এই সুবিধা বাতিল করে দুই মাসের টুরিস্ট ভিসা দেয়া হয়েছে। দুই মাসের ভিসার মেয়াদ গতকাল থেকে শুরু হয়েছে।
তসলিমা নাসরিনকে বাংলাদেশ ছাড়তে হয়েছিল ১৯৯৪ সালের মাঝামাঝি। তারপর সুইডেন-আমেরিকা-ফ্রান্স নানা দেশ, নানা শহর ঘুরে প্রায় বছর-তিনেক হল দিল্লিই তার ঠিকানা। আর দিন কয়েকের মধ্যেই দেশ থেকে তার নির্বাসনের ২০ বছর পূর্ণ হতে চলেছে।