একাদশ ও দ্বাদশ
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
প্রকাশ কুমার দাস বিভাগীয় প্রধান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মোহাম্মদপুর প্রিপারেটরী গার্লস কলেজ, ঢাকা
প্রকাশ : ০২ আগস্ট ২০১৪, ১৯:৫৫
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজও ২য় অধ্যায়-কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং থেকে নেটওয়ার্ক টপোলজি নিয়ে আলোচনা করা হলো। এগুলো সংগ্রহ করে পড়বে।
প্রশ্ন-১। নেটওয়ার্ক টপোলজি বলতে কী বুঝ? চিত্রসহ বিভিন্ন প্রকার টপোলজি সম্পর্কে আলোচনা কর।
গতকালের পর
নেটওয়ার্ক টপোলজি ছয় ধরনের। যথা-
১.বাস টপোলজি ২.রিং টপোলজি
৩.স্টার টপোলজি
৪.ট্রি টপোলজি ৫.মেশ টপোলজি ও
৬.হাইব্রিড টপোলজি।
স্টার টপোলজি : যে নেটওয়ার্কে একটি কম্পিউটার অপর একটি কম্পিউটারের সাথে এমনভাবে যুক্ত থাকে যা দেখতে অনেকটা আকাশের তারকার মত, এ জন্য এ নেটওয়ার্কের নাম হয়েছে স্টার নেটওয়ার্ক। এ নেটওয়ার্কে হাব বা সুইচের মাধ্যমে বিভিন্ন কম্পিউটার সংযুক্ত থাকে। এ হাবই ডাটা চলাচল নিয়ন্ত্রণ করে। এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ডাটা স্থানান্তরের জন্য প্রথমে হাব ডাটা গ্রহণ করে এবং পরে হাব ডাটা গ্রহণকারী কম্পিউটারে ডাটা পাঠিয়ে দেয়।
হাব এর ক্ষমতা যত বেশি হবে নেটওয়ার্কে তত বেশি সংযোগ দেয়া যাবে। LAN তৈরির ক্ষেত্রে এ ধরনের সংগঠন বেশি ব্যবহার করা হয়। বর্তমানে নেটওয়ার্ক জগতে স্টার টপোলজি বহুল প্রচলিত।
সুবিধা :
১.এ টপোলজিতে কোন কম্পিউটার নষ্ট হয়ে গেলে সম্পূর্ণ সিস্টেম অচল হয়ে যায় না।
২.ডাটা চলাচলের গতি বেশি।
৩.নতুন একটি কম্পিউটার সংযোগ দেয়ার প্রয়োজন হলে শুধু হাবের সাথে সংযোগ দিলেই চলে।
৪.কেন্দ্রিয়ভাবে এ টপোলজি নিয়ন্ত্রণ করা যায় বলে ত্রুটি নির্ণয় সহজ।
৫. বর্তমানে এটি বহুলভাবে ব্যবহূত হচ্ছে।
অসুবিধা :
১.হাব বা সুইচ নষ্ট হয়ে গেলে সম্পূর্ণ সিস্টেম অচল হয়ে যায়।
২.প্রতিটি কম্পিউটার হাব এর সাথে সংযুক্ত করার জন্য প্রচুর ক্যাবলের প্রয়োজন হয়, যা ব্যয়বহুল।
৪. ট্রি টপোলজি : যে টপোলজিতে কম্পিউটারগুলো পরস্পরের সাথে শাখা-প্রশাখা হিসেবে বিন্যস্ত থাকে যা দেখতে অনেকটা গাছের মত (যেমন- গাছের মূল এবং শাখা প্রশাখা থাকে) তাকে ট্রি টপোলজি বলে। এখানে গাছের মূল হচ্ছে হোস্ট কম্পিউটার, বাকি কম্পিউটারগুলো হল শাখা ও প্রশাখা। যেমন- চিত্রে মেইনফ্রেম কম্পিউটার হচ্ছে হোস্ট আর বাকি কম্পিউটারগুলো হল শাখা ও প্রশাখা।
সুবিধা :১.শাখা প্রশাখার মাধ্যমে নেটওয়ার্ক সমপ্রসারণ সুবিধাজনক।
২.অফিস ব্যবস্থাপনার জন্য এ নেটওয়ার্ক বেশি উপযোগী।
অসুবিধা :
১.মূল কম্পিউটার নষ্ট হলে সম্পূর্ণ নেটওয়ার্ক অচল হয়ে যায়।
২.নেটওয়ার্কের গঠন প্রকৃতি জটিল।
পরবর্তী অংশ আগামীকাল