গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড

আমাদের দেশে একেবারেই চল না থাকলেও হলিউডি মুভি, টিভি সিরিজ কিংবা খেলার চ্যানেলের কল্যাণে অনেকেই আইস হকি খেলাটির সাথে পরিচিত। আর এই খেলাটি যারা একবার হলেও দেখেছেন তারা বেশ ভালো করেই জানেন যে, পেশাদার পর্যায়ে এই খেলাটি খেলার জন্য মনের জোর থাকার পাশাপাশি বাড়তি শারিরীক সক্ষমতা থাকাটাও বেশ জরুরি। আর এ বিবেচনায় সবাইকে রীতিমতো তাক লাগিয়ে দিয়েই ৭৮ বছর ৮৬ দিন বয়সে যিনি পেশাদার আইস হকি খেলে রেকর্ড গড়েন তিনি হলেন নেদারল্যান্ডের ফ্রেড ডি উইট। নেদারল্যান্ডের তৃতীয় বিভাগের দল নিজমেজেন গ্ল্যাডিয়েটর্স এর গোলকিপার হয়ে খেলতে নেমে আইন্দহোভেন ক্যাম্পফানেন ক্লাবের বিরূদ্ধে ১৮-৪ গোলের বিজয়ে রীতিমতো বড় ভূমিকা রাখেন ফ্রেড। উল্লেখ্য, ১৯৬০ থেকে ৬৫ সাল অবদি নেদারল্যান্ডের জাতীয় দলের হয়ে খেলা ফ্রেড তার উজ্জ্বল ক্যারিয়ারে নেদারল্যান্ড ও বেলজিয়ামের দশটিরও বেশি পেশাদার ক্লাবে খেলেছেন।