জোকস

 পার্কে বসে এক লোককে হাউমাউ করে কাঁদতে দেখে শফিক সাহেবের খুব মায়া হলো। তাই তিনি লোকটির কাছে যেয়ে জানতে চাইলেন- শফিক সাহেব :ভাই, কিছু মনে করবেন না। আমি বুঝতে পারছি আপনার জীবনে নিশ্চয়ই খুব ভয়ংকর কোনো একটা ঘটনা ঘটে গেছে। কিন্তু একটু বলবেন কি, কী হয়েছে? ভদ্রলোক :এই মাত্র খবর পেলাম দেশের সবচেয়ে ধনী লোক সামাদ সাহেব, দেড় হাজার কোটি টাকারও বেশি যার সম্পদ, তিনি একাকী আর নিঃসঙ্গ অবস্থায় মারা গেছেন। শফিক সাহেব :তা উনি বুঝি আপনার খুব কাছের কেউ হন। ভদ্রলোক :আরে না, কাছের কেউ নন বলেই তো কাঁদছি। কাছের কেউ হলে তো নিঃসঙ্গ মানুষটার সম্পদের ভাগ কিছুটা হলেও পেতাম!  এক ব্যক্তি একটা দূর্ঘটনার কারণে সাময়িকভাবে কানে কম শুনছেন। এ অবস্থায় তিনি একদিন গেলেন তার এক দূর-সম্পর্কের আত্মীয়ের বাড়িতে বেড়াতে। এদিকে তাকে অচেনা আগন্তুক ভেবে জোরে জোরে ঘেউ ঘেউ করতে লাগলো বাড়ির পোষা কুকুরটা। কুকুরের হাঁকডাক শুনে বাড়ির মালিক যখন দরজা খুলে কে এসেছে দেখতে এলো তখন লোকটি কুশলাদি বিনিময়ের পর বললেন, ‘আপনার এই কুকুরটার মনে হয় বেশ ঘুম পেয়েছে। আমি আপনাদের দরজায় দাঁড়ানোর পর থেকে দেখছি বেচার শিকলে বাঁধা অবস্থায় ক্রমাগত হাই তুলে যাচ্ছে!’  এক কাঠুরে গাধার পিঠে চড়ে খুব ধীরে ধীরে বনের মধ্য দিয়ে যাচ্ছিলেন কাঠ কাটার উদ্দেশ্যে। পথে তার দেখা হলো ঘোড়ার পিঠে চড়া অপর এক কাঠুরের সাথে। তার সাথে এক কথা দু’কথা বলার পর গাধার মালিক কাঠুরে বললো, ‘আপনি কি আমার গাধাটার সঙ্গে আপনার ঘোড়াটা অদল-বদল করতে চান?’ প্রথম কাঠুরের এমন অদ্ভুত প্রস্তাবের কথা শুনে দ্বিতীয় কাঠুরে বললো, ‘তুমি কি নিরেট বোকা না কি? নইলে গাধার বদলে কেউ ঘোড়া দেয় না কি?’ ‘জ্বি না, আমি নিরেট বোকা নই। তবে আপনি তো বোকা হলেও হতে পারতেন। তাই একটা সুযোগ নেওয়ার চেষ্টা করলাম আর কি!’ - উত্তরে জানালো গাধার মালিক কাঠুরেটি।