রাশিয়ার সাথে ন্যাটোর সম্পর্ককে নতুনভাবে বিবেচনা করতে হবে
প্রকাশ : ০২ আগস্ট ২০১৪, ২১:৫৬
রাশিয়ার সাথে ন্যাটোর দীর্ঘমেয়াদি সম্পর্কের ব্যাপারে নতুন করে চিন্তা করতে হবে বলে মন্তব্য করেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। তিনি বলেন, ্্্্ইউক্রেনে রাশিয়ার অবৈধ কর্মকাণ্ডের পর ন্যাটোর উচিত পূর্ব ইউরোপে তার শক্তি বাড়ানো।
ব্রিটেনে শীর্ষ সন্মেলনের আগে ন্যাটোর নেতৃবৃন্দের কাছে পাঠানো এক চিঠিতে ক্যামেরন বলেন, রাশিয়ার কাছে এই বার্তা পাঠাতে হবে যে ন্যাটো কিংবা তার কোন সদস্য রাষ্ট্র ভীত নয়। সামরিক মহড়ার একটি নতুন পরিকল্পনাও দিয়েছেন তিনি। ডেভিড ক্যামেরন বলেন, সামরিক সরঞ্জামাদি এবং বিশেষ ন্যাটো সেনাদলকে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে প্রস্তুত রাখতে হবে। ছয় সপ্তাহ পর ব্রিটেনের সাউথ ওয়েলসে ন্যাটোর বৈঠক হবে। রাশিয়ার হামলা মোকাবিলার জন্য ন্যাটোর প্রস্তুতি পর্যাপ্ত নয়-প্রতিরক্ষা কমিটির এধরনের মন্তব্যেও পরপরই ব্রিটেনের প্রধানমন্ত্রী ক্যামেরন এই বক্তব্য দিলেন।
তবে রাশিয়ার পক্ষ থেকে গতানুগতিক হামলার সম্ভাবনা কম বলে জানানো হয়। সাইবার হামলা ও মিলিশিয়াদের হামলার ব্যাপারে সতর্ক থাকার ওপর গুরুত্বারোপ করা হয়। ১৯৯০ সালের পর ব্রিটেনে ন্যাটোর শীর্ষ সম্মেলন হতে যাচ্ছে। এর আগে স্নুায়ু যুদ্ধের শেষ পর্যায়ে ব্রিটেনে ন্যাটোর বৈঠক ডেকেছিলেন মার্গারেট থ্যাচার।
ডেভিড ক্যামেরন বলেন, ২০১৪ সালে এসে আগের যেকোন সময়ের চেয়ে বিশ্ব এখন বেশি অনিশ্চয়তার মধ্যে পড়েছে। তিনি বলেন, ক্রিমিয়ায় আগ্রাসন, ইউক্রেনকে অস্থিতিশীল করা এবং মধ্যপ্রাচ্যে ভূমিকার মাধ্যমে রাশিয়া আন্তর্জাতিক নিয়মনীতি উপেক্ষা করে চলেছে। রাশিয়ার সাথে আমাদের সম্পর্ককে নতুন করে পর্যালোচনা করতে হবে।