ইউক্রেনে বিমান বিধ্বস্ত এলাকায় ফের তদন্ত শুরু

ইউক্রেনের পূর্বাঞ্চলে মালয়েশিয়ার বিমান এমএইচ১৭ যেখানে বিধ্বস্ত হয়েছে সেখানে শুক্রবার আন্তর্জাতিক বিশেষজ্ঞ দল পুনরায় তাদের তদন্ত কাজ শুরু করছে। রাশিয়াপন্থী বিদ্রোহীদের বিরুদ্ধে ইউক্রেন বাহিনী হামলা শুরুর হুমকির পর বিশেষজ্ঞ দল একদিন তাদের কাজ বন্ধ রাখে। তবে বিধ্বস্ত এলাকায় আন্তর্জাতিক তদন্ত দলের কাজ নিরাপদ নয় বলে জানিয়েছে ডাচ দল। আন্তর্জাতিক তদন্ত দলের প্রধান ডাচ পুলিশ পিটার জাপ আলবার্সবার্গ কিয়েভে সাংবাদিকদের জানান, বিধ্বস্ত এলাকার আশপাশের পরিস্থিতি এখনও বিপজ্জনক। তিনি বলেন, অদূর ভবিষ্যতে পুরো দল নিয়ে আমরা বিধ্বস্ত এলাকায় পৌঁছাতে পারবো কিনা সে বিষয়ে নিশ্চিত নই। কিন্তু গতকালের চেয়েও আজ আমরা আশাবাদী। এদিকে বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে সহিংসতার পর জাতিসংঘ মহাসচিব বান কি মুন বিধ্বস্ত এলাকায় তা বন্ধের আহ্বান জানান। এ প্রেক্ষিতে ইউক্রেন বাহিনী সেখানে পরিস্থিতি শান্ত রাখার ঘোষণা দেয়। দু’সপ্তাহ আগে ইউক্রেনে ২৯৮ আরোহী নিয়ে মালয়েশিয়ার বিমানটি ক্ষেপণাস্ত্র হামলায় ভূপাতিত হয়। এতে আরোহী সকলেই প্রাণ হারায়। এখনও বিধ্বস্ত এলাকায় কিছু লাশ পড়ে আছে।